
কলকাতা, ১৪ আগস্ট (হি. স. ) : বিশিষ্ট ঐতিহাসিক সুমিত সরকারের প্রয়াণে শোকপ্রকাশ করলেন গবেষণামূলক একাধিক গ্রন্থের প্রথিতযশা লেখক, প্রাক্তন আইপিএস কর্মকর্তা অমিয় সামন্ত।
শুক্রবার অমিয়বাবু সামাজিক মাধ্যমে লিখেছেন, “কিছুক্ষণ আগে সুমিত চলে গেল। অনেক দিন থেকে অসুস্থ ছিল। আজ ইতিহাসের এই দিকপাল চিরবিদায় নিল।
সুমিতের বিখ্যাত বইগুলির মধ্যে স্বদেশী আন্দোলনের উপর বইটি প্রায় ৫০ বৎসর পূর্বে প্রকাশিত হয়েছে, কিছু আজও সমান জনপ্রিয়।
তাঁর গবেষণার গভীরতাকে স্পর্শ করার মতো গ্রন্থের সংখ্যা নগণ্য। Modern India নামক বইটিও ছাত্র গবেষক সকলের নিকট অপরিহার্য। এই ছাড়াও তাঁর অন্যান্য গুরুত্বপূর্ণ বই আছে।
সুমিত কোনও ইতিহাস চর্চার তাত্বিক দলে যুক্ত ছিলেন না। কিছুদিন Subaltern দলে থাকার পর তিনি তাঁর পুরাতন মার্ক্সবাদী পরিসরেই ফিরে এসে স্বস্তি পেলেন। ঐতিহাসিক হিসেবে তাঁর মূল্যায়ন উপযুক্ত ব্যক্তিরা করবেন।
ছাত্রজীবনে দীর্ঘ ছয় বৎসর আমরা একসঙ্গে পড়েছি--প্রথম বর্ষ থেকে ষষ্ঠ বর্ষ পর্যন্ত। সুতরাং কত স্মৃতি যে ছড়িয়ে আছে প্রেসিডেন্সি ও ইউনিভার্সিটির আশেপাশে, তার সীমা সংখ্যা নেই।
এম এ পড়ার দু বৎসর আমরা চারজন এক বেঞ্চে বসতাম। জ্ঞহর, নীরদ, সুমিত আর আমি। জহর গিয়েছে সবার আগে। নীরদ এবছরের প্রথমে। আজ সুমিত চলে গেল। আমিও দেরী করব না, বেঞ্চে আমার জায়গাটা রেখো, ভাই ! অমিয়।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত