গরু ফেরাতে নদীতে নেমে তলিয়ে গেলেন বৃদ্ধ, ডুলুংয়ে নিখোঁজ ৮৫ বছরের যতীন্দ্র
ঝাড়গ্রাম, ১৪ আগস্ট (হি.স.): গরু চরাতে গিয়ে নদীর ওপারে চলে যাওয়া গবাদি পশু ফেরাতে ডুলুং নদীতে নামার পর তীব্র স্রোতে তলিয়ে নিখোঁজ হলেন ৮৫ বছরের এক বৃদ্ধ। শুক্রবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-২ ব্লকের বনডাহি এলাকায়। নিখোঁজ বৃদ্ধের নাম য
গরু ফেরাতে নদীতে নেমে তলিয়ে গেলেন বৃদ্ধ, ডুলুংয়ে নিখোঁজ ৮৫ বছরের যতীন্দ্র


ঝাড়গ্রাম, ১৪ আগস্ট (হি.স.): গরু চরাতে গিয়ে নদীর ওপারে চলে যাওয়া গবাদি পশু ফেরাতে ডুলুং নদীতে নামার পর তীব্র স্রোতে তলিয়ে নিখোঁজ হলেন ৮৫ বছরের এক বৃদ্ধ। শুক্রবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-২ ব্লকের বনডাহি এলাকায়। নিখোঁজ বৃদ্ধের নাম যতীন্দ্র নাইক। তিনি বেলিয়াবেড়া থানার বনডাহি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো এদিনও কয়েকটি গরু নিয়ে ডুলুং নদীর পাড়ে গিয়েছিলেন যতীন্দ্রবাবু। গরুগুলি চরতে চরতে কোনওভাবে নদীর অপর পারে চলে যায়। সেগুলিকে ফিরিয়ে আনতে বৃদ্ধ নিজেই নদীতে নামেন। কিছুটা এগোনোর পর আচমকাই জলের স্রোতে তলিয়ে যান বলে স্থানীয়দের দাবি।

গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ডুলুংয়ের জলস্তর বেড়েছে। বেড়েছে স্রোতের তীব্রতাও। সেই স্রোতের টানেই বৃদ্ধ তলিয়ে গিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

খবর ছড়িয়ে পড়তেই বনডাহি এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলিয়াবেড়া থানার পুলিশ। পরে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা নদীতে নেমে তল্লাশি শুরু করেন। নৌকা-সহ বিভিন্ন উপায়ে নদীর একাধিক অংশে তল্লাশি চালানো হচ্ছে। তবে এখনও যতীন্দ্রবাবুর কোনও সন্ধান মেলেনি। তাঁর খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande