সরকারের বিরুদ্ধে কুৎসা রটনাকারীদের দ্রুত সামনে আনা হবে: মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য
হুগলি , ১৪ আগস্ট (হি.স.): পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি ও শ্রম দফতরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য শুক্রবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতার বিরুদ্ধে সরব হলেন। তাঁর অভিযোগ, তৃণমূলের কিছু নেতা ‘মেঘনাদ’-এর মতো
মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য


হুগলি , ১৪ আগস্ট (হি.স.): পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি ও শ্রম দফতরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য শুক্রবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতার বিরুদ্ধে সরব হলেন। তাঁর অভিযোগ, তৃণমূলের কিছু নেতা ‘মেঘনাদ’-এর মতো আড়ালে থেকে শ্রীরামপুর বিধানসভা এলাকায় সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করছেন।

ফেসবুক পোস্টে মন্ত্রী লেখেন, “কিছু তৃণমূল নেতা মেঘনাদ হয়ে আমাদের সরকারের বিরুদ্ধে শ্রীরামপুর বিধানসভায় অপপ্রচারের চেষ্টা করছেন। মেঘের আড়াল থেকে বাইরে করা হবে।”

এরপরই সতর্কবার্তার সুরে তিনি লেখেন, “আমার ভদ্রতাকে দুর্বলতা মনে করার ভুল করলে বিপদ হতে পারে। খুব শীঘ্রই ব্যবস্থা হয়ে যাবে। সাবধান।”

মন্ত্রী ভাস্কর ভট্টাচার্যের এই মন্তব্য ঘিরে শ্রীরামপুর বিধানসভা এলাকার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। যদিও তাঁর পোস্টে কোনও নির্দিষ্ট নেতার নাম উল্লেখ করা হয়নি।

‘মেঘনাদ’ এবং ‘মেঘের আড়াল’-এর মতো শব্দপ্রয়োগ নিয়েও রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। একই সঙ্গে ‘খুব শীঘ্রই ব্যবস্থা হয়ে যাবে’ এবং ‘সাবধান’—এই মন্তব্য নিয়েও স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে।

তবে সরকারের বিরুদ্ধে ঠিক কোন বিষয়কে কেন্দ্র করে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে এবং এর পিছনে কারা রয়েছেন, সে বিষয়ে মন্ত্রী তাঁর পোস্টে বিস্তারিত কিছু জানাননি। ফলে মন্ত্রীর পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande