
জলপাইগুড়ি, ১৪ আগস্ট (হি.স.) : জলপাইগুড়িতে তিস্তা সেতু সংলগ্ন বিবেকানন্দপল্লি এলাকা থেকে এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। শুক্রবার সকালে তিস্তা নদীর চরে যুবকের দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।
উদ্ধার হওয়া যুবকের পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। বিভিন্ন থানায় খোঁজ নিয়ে দেখা হচ্ছে, কোনও নিখোঁজ ডায়েরি হয়েছে কিনা। এদিন পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে মদের বোতল, বেশ কিছু নগদ টাকা এবং রক্তমাখা ধারাল অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে নমুনা সংগ্রহের কাজ শুরু করে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বিবেকানন্দপল্লি এলাকায়। বৃহস্পতিবার রাতে ওই এলাকায় কাদের যাতায়াত বা সন্দেহজনক গতিবিধি ছিল, তা জানতে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা। দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ