
বীরভূম, ১৪ আগস্ট (হি.স.) : স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড়সড় সাফল্যের মুখ দেখল বীরভূম জেলার পুলিশ। রামপুরহাট মহকুমার দুটি পৃথক স্থানে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তাজা বোমা ও বিস্ফোরক উদ্ধার করল পুলিশ। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই বিস্ফোরক সামগ্রী উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রথম অভিযানটি চালানো হয় মল্লারপুর থানার অন্তর্গত কোট গ্রামে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে ওই গ্রামের বাসিন্দা জহির উদ্দিন কাজীর বাড়িতে হানা দেয় মল্লারপুর থানার পুলিশ। সেখানে একটি মাটির ঘরের ভেতর থেকে চারটি বস্তা ভর্তি বোমা উদ্ধার হয়। এলাকাটি আপাতত ঘিরে রাখা হয়েছে এবং বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়।
অন্যদিকে, দ্বিতীয় অভিযানটি চালানো হয় রামপুরহাট থানা এলাকায়। সেখানে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে আনুমানিক ৩৮ কেজি জিলেটিন স্টিক উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া এই বিস্ফোরক সামগ্রী কী উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ