
নয়াদিল্লি, ১৪ আগস্ট (হি.স.): নিট প্রশ্নফাঁস মামলার তদন্ত এখনও শেষ হয়নি। এই পরিস্থিতিতে মামলায় আরও তদন্ত চালানোর অনুমতি পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। শুক্রবার দিল্লির রাউজ অ্যাভিনিউ ফাস্ট ট্র্যাক কোর্টের বিশেষ বিচারক অজয় গুপ্ত সিবিআইকে ডিজিটাল তথ্য ও অন্যান্য ডেটা নিয়ে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। সেই তদন্তের ফল সম্পূরক চার্জশিটের সঙ্গে আদালতে জমা দিতে হবে।
আদালতের পর্যবেক্ষণ, মামলার তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। ইতিমধ্যেই ১৩ জনের বিরুদ্ধে সিবিআই চার্জশিট জমা দিয়েছে এবং ১২ আগস্ট আদালত সেই চার্জশিটের ভিত্তিতে মামলায় আমলও নিয়েছে। এই অবস্থায় তদন্তের আরও কিছু দিক খতিয়ে দেখার সুযোগ রয়েছে বলে জানায় আদালত।
সিবিআইয়ের চার্জশিটে যশ যাদব, মাঙ্গীলাল বিভাল, দীনেশ বিভাল, বিকাশ বিভাল, শুভম খৈরনার, ধনঞ্জয় লোন্দখে-সহ মোট ১৩ জনের নাম রয়েছে। তাঁরা বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।
তদন্তকারী সংস্থার দাবি, ১২ মে এফআইআর দায়েরের পর ৭২ জন আধিকারিক এবং আট জন সাইবার ফরেনসিক বিশেষজ্ঞকে নিয়ে তদন্ত শুরু করা হয়েছিল। মহারাষ্ট্র, রাজস্থান, হরিয়ানা, দিল্লি-সহ বিভিন্ন রাজ্যের ৯২টি জায়গায় তল্লাশি চালানো হয়। মামলায় প্রথম গ্রেফতার হয় ১৩ মে।
এর আগে তিন অভিযুক্ত মাঙ্গীলাল বিভাল, বিকাশ বিভাল এবং দীনেশ বিভালের লাই ডিটেক্টর পরীক্ষা করার অনুমতি চেয়েছিল সিবিআই। সেই আবেদন অবশ্য আদালত খারিজ করে দিয়েছিল।
এখন ডিজিটাল তথ্য-প্রমাণের উপর জোর দিয়ে তদন্তের পরবর্তী ধাপ এগোবে। ফলে নিট প্রশ্নফাঁসের নেপথ্যে থাকা তথ্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিয়ে আরও তথ্য সামনে আসতে পারে বলেই মনে করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য