
কলকাতা, ১৪ অগস্ট (হি.স.) :স্বাধীনতা দিবসের আগে শুক্রবার কলকাতা বিমানবন্দরে বাড়ানো হল নিরাপত্তা ব্যবস্থা। বিমানবন্দরের প্রবেশপথ থেকে শুরু করে টার্মিনাল, অ্যারাইভাল এলাকা এবং বিমান পর্যন্ত একাধিক স্তরে নজরদারি ও তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের ব্যাগ ডগ স্কোয়াডের মাধ্যমে পরীক্ষা করার পাশাপাশি বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সিআইএসএফের অতিরিক্ত টহল থাকবে।
বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, প্রবেশের সময় যাত্রী ও তাঁদের সঙ্গে থাকা ব্যাগেজ পরীক্ষা করা হবে। টার্মিনালের ভিতরেও নির্দিষ্ট জায়গায় অতিরিক্ত চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। অ্যারাইভাল এলাকাতেও নজরদারি বাড়ানো হয়েছে। বিমানবন্দরের ভিতরে থাকা বিমানগুলিতেও প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা পরীক্ষা চালানো হবে।
স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরই মধ্যে কয়েক দিন আগে বেঙ্গল এসটিএফের হাতে একাধিক সন্দেহভাজন জঙ্গি গ্রেফতারের ঘটনাও ঘটেছে। তদন্তে স্বাধীনতা দিবসের আগে নাশকতার সম্ভাব্য ছক সংক্রান্ত কিছু তথ্য উঠে আসার পর নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হয়েছে বলে সূত্রের খবর।
কলকাতা বিমানবন্দরে যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অতিরিক্ত সিআইএসএফ কর্মী মোতায়েন ও টহলদারি বাড়ানো হয়েছে। বিমানবন্দরের প্রতিটি গুরুত্বপূর্ণ প্রবেশ ও প্রস্থানপথে নজর রাখা হচ্ছে। পাশাপাশি যাত্রীদেরও নিরাপত্তার স্বার্থে তল্লাশিতে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়