
কলকাতা, ১৪ অগস্ট (হি.স.) : নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ তুলে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র বিরুদ্ধে প্রতিবাদে নামল জাতীয় কংগ্রেস। শুক্রবার কলকাতায় পশ্চিমবঙ্গ আইএনটিইউসি সেবাদলের উদ্যোগে ‘নেতাজি সম্মান সত্যাগ্রহ’ কর্মসূচির আয়োজন করা হয়। বৌবাজার ক্রসিং থেকে শুরু হওয়া এই প্রতিবাদী পদযাত্রাটি ঐতিহাসিক প্রেসিডেন্সি কলেজের দিকে এগিয়ে যায়।
আয়োজকদের দাবি, নেতাজি এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত কলেজ স্ট্রিট এলাকাকেই এই প্রতিবাদের কেন্দ্রস্থল হিসেবে বেছে নেওয়া হয়েছে। এই পদযাত্রায় কংগ্রেসের কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষকেও অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
কংগ্রেসের অভিযোগ, রাজনৈতিক ক্ষমতায় আসার আগে বিজেপি নেতৃত্ব বারবার নেতাজির নাম ব্যবহার করলেও ক্ষমতায় আসার পর সেই নেতৃত্বের বিরুদ্ধেই নেতাজিকে অসম্মান করার অভিযোগ উঠছে। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, নেতাজির মতো জাতীয় বীরকে নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
আইএনটিইউসি সেবাদলের সভাপতি প্রমোদ পাণ্ডে বলেন, “নেতাজি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পত্তি নন। তিনি দেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম শ্রেষ্ঠ নায়ক। তাঁর সম্মান রক্ষায় দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে।”
আয়োজকদের বক্তব্য, নেতাজির আদর্শ, দেশপ্রেম এবং স্বাধীনতা সংগ্রামের চেতনাকে সামনে রেখেই এই প্রতিবাদের পথ বেছে নেওয়া হয়েছে। ‘কদমে কদম মিলিয়ে’ নেতাজির সম্মান রক্ষার এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। কর্মসূচিটিকে ঘিরে রাজ্য রাজনৈতিক মহলেও ইতিপূর্বে জোর চর্চা শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়