
শান্তিপুর, ১৪ আগস্ট (হি. স.) : শুক্রবার নদিয়ার শান্তিপুরে বিজেপি মণ্ডল সভাপতির বিরুদ্ধে কাটমানি ও দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার পড়াকে কেন্দ্র করে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। শান্তিপুর বিধানসভার ৪ নম্বর মণ্ডলের সভাপতি পিকুল বিশ্বাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় দুর্নীতি এবং দলের নাম ভাঙিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ তুলে একাধিক জায়গায় সাদা কাগজে পোস্টার সাঁটানো হয়েছে। পোস্টারের নিচে প্রেরক হিসেবে লেখা রয়েছে ‘বিজেপি কর্মীবৃন্দ’।
শান্তিপুরের ২৪ নম্বর ওয়ার্ডের অসমঞ্জ দে স্মৃতি ভবনের দেওয়াল এবং দুর্গামণি স্কুলের রাস্তার একটি শোরুমের দেওয়ালে পোস্টারগুলি দেখা যায়। ঘটনায় দলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগও উঠেছে।
অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন পিকুল বিশ্বাস। তাঁর বক্তব্য, মাত্র ছয়-সাত মাস আগে তিনি মণ্ডল সভাপতির দায়িত্ব পেয়েছেন। তিনি কোনও কাউন্সিলর বা প্রশাসনিক পদে নেই। ফলে আবাস যোজনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই। তাঁর ভাবমূর্তি নষ্ট করতেই দলের অভ্যন্তরের অসন্তুষ্ট অংশ অথবা বিরোধীরা এই পোস্টার দিয়েছে বলে দাবি করেন তিনি। অভিযোগ প্রমাণিত হলে দলীয় পদ থেকে ইস্তফা দেওয়ার চ্যালেঞ্জও জানান পিকুল।
ঘটনায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। মণ্ডল সভাপতির পাশে দাঁড়িয়ে যুব সভাপতি নিকুঞ্জ দত্তও দোষীদের বিরুদ্ধে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়