টাকা দ্বিগুণ করার নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ, আবগারি আধিকারিক-সহ গ্রেফতার ২
মালদহ, ১৪ আগস্ট (হি. স.): টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে মালদহের আবগারি দফতরের ডেপুটি এক্সাইজ কালেক্টর শুভদীপ ঘোষ এবং তাঁর সহযোগী অগ্নি মিত্রকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়
মালদা টাকা দুর্নীতি


মালদহ, ১৪ আগস্ট (হি. স.): টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে মালদহের আবগারি দফতরের ডেপুটি এক্সাইজ কালেক্টর শুভদীপ ঘোষ এবং তাঁর সহযোগী অগ্নি মিত্রকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালে মালদহে টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে বহু মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহের অভিযোগ ওঠে ওই আবগারি আধিকারিকের বিরুদ্ধে।

ঘটনার তদন্তে নেমে পুলিশ এখনও পর্যন্ত ৪৭ জন প্রতারিত ব্যক্তির সন্ধান পেয়েছে। তাঁদের সঙ্গে কথা বলে তদন্তকারীরা জানতে পারেন, মঙ্গলবাড়িতে আবগারি দফতরের অফিস থেকেই এই আর্থিক কারবার চালানো হত বলে অভিযোগ। প্রাথমিক তদন্তে পুলিশ বাজার থেকে প্রায় ৫০ কোটি টাকা সংগ্রহের হদিশ পেয়েছে। যদিও অভিযোগ অনুযায়ী, প্রতারণার মোট অঙ্ক প্রায় ১০০ কোটি টাকা হতে পারে বলে পুলিশের অনুমান।

ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই শুভদীপ ঘোষ ও অগ্নি মিত্র গা-ঢাকা দিয়েছিলেন বলে পুলিশ সূত্রে খবর। অবশেষে বৃহস্পতিবার সোদপুর এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ।

শুক্রবার ধৃতদের মালদহ জেলা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে তাঁদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। আদালত সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। প্রতারণার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande