
কলকাতা, ১৪ আগস্ট (হি. স ): গ্যাসের সংযোগের ই-কেওয়াইসি করানোকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। ২০ টাকার সরকারি ভর্তুকি বজায় রাখতে চলতি মাসের ১৬ তারিখের মধ্যে ই-কেওয়াইসি করানোর নির্দেশ ঘিরে বিভিন্ন গ্যাসের দোকানের সামনে দীর্ঘ লাইন চোখে পড়ছে। আট বছর থেকে আশি বছর—যাঁদের নামে গ্যাসের সংযোগ রয়েছে, তাঁদেরই ই-কেওয়াইসি করাতে হচ্ছে বলে দাবি গ্রাহকদের।
নির্ধারিত সময়ের মধ্যে ই-কেওয়াইসি না করালে ২০ টাকার সরকারি ভর্তুকি আর পাওয়া যাবে না—এমন আশঙ্কায় বহু গ্রাহক কাজকর্ম বন্ধ রেখে গ্যাসের দোকানে ছুটছেন। বিশেষ করে বয়স্ক গ্রাহকদেরও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে লাইনে দাঁড়াতে দেখা যাচ্ছে।
তবে ই-কেওয়াইসি না করলে ভবিষ্যতে গ্যাসের সংযোগ বন্ধ হয়ে যাবে বা দ্বিগুণ দামে সিলিন্ডার কিনতে হবে—এমন আশঙ্কাও ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। যদিও গ্রাহকদের এই আশঙ্কা কতটা বাস্তব, তা নিয়ে বিভ্রান্তি রয়েছে।
গ্রাহকদের বক্তব্য, যার নামে গ্যাসের সংযোগ রয়েছে, তাঁকেই ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে ই-কেওয়াইসি করাতে হচ্ছে। ফলে অনেকেই কর্মস্থল বা দৈনন্দিন কাজ ছেড়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াচ্ছেন। বিভিন্ন গ্যাসের দোকানের সামনে সকাল থেকেই ভিড় বাড়ছে।
এই পরিস্থিতিতে দ্রুত ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করার তাগিদে গ্রাহকদের মধ্যে তৎপরতা বেড়েছে। নির্ধারিত সময়সীমার আগে প্রক্রিয়া শেষ করতে দোকানগুলিতেও চাপ বাড়ছে। ই-কেওয়াইসি নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে স্পষ্ট নির্দেশিকা ও প্রচারের দাবি জানিয়েছেন গ্রাহকদের
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়