
কৃষ্ণনগর, ১৪ অগস্ট (হি.স.): শুক্রবার মেয়েদের শিক্ষা, নিরাপত্তা ও স্বনির্ভরতা আরও জোরদার করার লক্ষ্যে নদিয়া জেলায় সাড়ম্বরে পালিত হল ‘কন্যা রত্ন দিবস’। এই উপলক্ষে আয়োজিত সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কৃষ্ণনগরের বিধায়ক তারক চ্যাটার্জী এবং নদিয়ার জেলাশাসক। কন্যাশ্রী ও ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্পের মাধ্যমে ছাত্রীদের আর্থিক সহায়তা ও ক্ষমতায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বিধায়ক জানান, কন্যা রত্ন দিবস উপলক্ষে রাজ্যজুড়ে প্রায় ১০ লক্ষ ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। নদিয়া জেলায় প্রায় ৩৮ হাজার ৫০০ স্কুলছাত্রীকে পড়াশোনার সহায়তা হিসেবে ১,০০০ টাকা এবং ১৮ বছর পূর্ণ হওয়া প্রায় ৭,৫০০ তরুণীকে এককালীন ২৫,০০০ টাকা করে ডিবিটি-এর মাধ্যমে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আগামী বাজেটে বার্ষিক অনুদান বাড়িয়ে ২,০০০ টাকা করার পরিকল্পনা রয়েছে। কলেজের স্নাতক স্তরে পড়ুয়া ছাত্রীরা ধাপে ধাপে মোট ৫০,০০০ টাকা পর্যন্ত সহায়তা পেতে পারেন। উচ্চশিক্ষায় উৎসাহ দিতে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ-সহ অতিরিক্ত ১০০ কোটি টাকার তহবিল বরাদ্দের কথাও জানানো হয়।
জেলাশাসক বলেন, ‘কন্যা রত্ন দিবস’-এর মূল লক্ষ্য শিক্ষা, সুরক্ষা ও স্বনির্ভরতার মাধ্যমে মেয়েদের সামগ্রিক বিকাশ। জেলায় প্রায় ৪৬ হাজার ছাত্রী এই সুবিধার আওতায় এসেছে। অনুষ্ঠানে কৃতী ছাত্রী অন্বেষা-সহ একাধিক প্রতিভাবান ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়