
স্বরূপনগর, ১৪ আগস্ট (হি. স.): উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ব্লকের হাকিমপুর সীমান্তে বিপুল পরিমাণ মার্কিন ডলার উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এক মহিলার কাছ থেকে ১৩ হাজার ৫০০ মার্কিন ডলার উদ্ধার করেছে ১৪৩ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা। ঘটনায় ওই মহিলাকে গ্রেফতার করেছে স্বরূপনগর থানার পুলিশ।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, হাকিমপুর সীমান্তে কর্তব্যরত জওয়ানদের কাছে আগেই ওই মহিলার সম্পর্কে গোপন তথ্য আসে। সেই তথ্যের ভিত্তিতে তাঁকে সন্দেহজনক অবস্থায় আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ মার্কিন ডলার উদ্ধার হয়। বিএসএফের হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া ১৩ হাজার ৫০০ ডলারের ভারতীয় মুদ্রায় আনুমানিক মূল্য প্রায় ১২ লক্ষ ৮৭ হাজার ৫০০ টাকা।
উদ্ধার হওয়া ডলার-সহ ওই মহিলাকে পরবর্তী তদন্ত ও আইনি পদক্ষেপের জন্য স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। পুলিশ তাঁকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলার নাম মুন্নি বিবি। তাঁর বাড়ি হাকিমপুর উত্তরপাড়া এলাকায়। এত বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা তাঁর কাছে কীভাবে এল, কোথা থেকে তিনি ডলারগুলি সংগ্রহ করেছিলেন এবং সেগুলি কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
শুক্রবার দুপুর প্রায় ১টা নাগাদ ধৃত মহিলাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়