গ্রেফতারি পরোয়ানাকে চ্যালেঞ্জ জানিয়ে ফের হাইকোর্টে টুলু মণ্ডল, শুনানি নতুন বেঞ্চে
কলকাতা, ১৪ আগস্ট (হি.স.): বীরভূমের প্রভাবশালী পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল তাঁর বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানাকে চ্যালেঞ্জ জানিয়ে ফের একবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে দায়ের করা আবেদন থেকে বি
টুলু মণ্ডল


কলকাতা, ১৪ আগস্ট (হি.স.): বীরভূমের প্রভাবশালী পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল তাঁর বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানাকে চ্যালেঞ্জ জানিয়ে ফের একবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে দায়ের করা আবেদন থেকে বিচারপতি নিজেকে সরিয়ে নেওয়ার পর, শুক্রবার টুলু একই মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের শরণাপন্ন হন। এখন থেকে নতুন এই বেঞ্চেই সমগ্র মামলাটির শুনানি হবে।

টুলু বৃহস্পতিবার বিচারপতি চন্দের বেঞ্চে নিজের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলার দ্রুত শুনানির আবেদন করেছিলেন। তবে আদালত সূত্রে খবর, বেঞ্চের সামনে আগেই একটি সম্পর্কিত আবেদন বিচারাধীন থাকায় বিচারপতি চন্দ ওই মামলা থেকে নিজেকে সরিয়ে নেন ।

উল্লেখ্য, গ্রেফতারের আশঙ্কা প্রকাশ করে সুরক্ষার দাবিতে আগেই বিচারপতি ভট্টাচার্যের বেঞ্চে একটি আবেদন দায়ের করেছিলেন টুলু। এর পর তিনি গ্রেফতারি পরোয়ানা এবং সম্পত্তি বাজেয়াপ্তকরণের আইনি প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আবার বিচারপতি চন্দের বেঞ্চের দ্বারস্থ হন। টুলু মণ্ডলের পক্ষে আদালতে সওয়াল করছেন প্রবীণ আইনজীবী অয়ন ভট্টাচার্য এবং মুকুল রোহতগি।

তবে মামলার দ্রুত শুনানির বিষয়ে টুলুর করা আর্জিতে তৎক্ষণাৎ কোনো জরুরি শুনানির সম্ভাবনা তৈরি হয়নি। মামলাটি কার্য তালিকায় আসার পরই বিচারপতি ভট্টাচার্য এর শুনানি শুরু করবেন। সে ক্ষেত্রে আগামী বৃহস্পতিবার মামলাটি শুনানির জন্য ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে।

টুলু মণ্ডলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার পাশাপাশি ইন্টারপোলের ‘রেড কর্নার নোটিশ’ও জারি করা হয়েছে। বীরভূমের মহম্মদ বাজার থানা এলাকার দেউচা গ্রামে টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে নগদ প্রায় ২৮.৫ কোটি টাকা এবং ১৫ কেজি সোনা উদ্ধারের পরই এই চাঞ্চল্যকর বিষয়টি প্রকাশ্যে আসে। পুলিশ ইতিমধ্যেই মিনার মণ্ডলকে গ্রেফতার করেছে, কিন্তু টুলু মণ্ডলের কোনো সন্ধান মেলেনি। এই সময়কালের মধ্যে তাঁর একাধিক সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে প্রশাসন।

সিউড়ির অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত টুলু মণ্ডলকে শুক্রবার সকালের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল। আদালতের আদেশ অনুসারে, নির্ধারিত সময়ের মধ্যে হাজির না হলে তাঁকে 'ঘোষিত অপরাধী' হিসেবে গণ্য করা হতে পারে। এর আগে হাইকোর্ট থেকে অন্তর্বর্তী সুরক্ষার চেষ্টা করলেও কোনো আইনি স্বস্তি পাননি টুলু।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande