টানা বৃষ্টিতে জলমগ্ন সাঁকরাইলের একাধিক এলাকা, বাড়িতে ঢুকল জল
ঝাড়গ্রাম, ১৪ অগস্ট (হি. স.) : গভীর নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা। ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের কুলটিকরী গ্রাম পঞ্চায়েতের চড়ার ও গৌরবেড়া এলাকায় পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠেছে। গ্রামীণ পিচ রাস্তার উপর দি
জলমগ্ন এলাকা


ঝাড়গ্রাম, ১৪ অগস্ট (হি. স.) : গভীর নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা। ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের কুলটিকরী গ্রাম পঞ্চায়েতের চড়ার ও গৌরবেড়া এলাকায় পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠেছে। গ্রামীণ পিচ রাস্তার উপর দিয়ে জল বইছে। পাশাপাশি একাধিক বাড়িতেও বৃষ্টির জল ঢুকে পড়েছে।

পরিস্থিতির কথা মাথায় রেখে চড়ার প্রাথমিক বিদ্যালয়, চড়ার আইসিডিএস কেন্দ্র এবং ডাকটিয়া এসএসকে স্কুলে বাসিন্দাদের নিরাপদে রাখার ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জলস্তর আরও বাড়লে সাঁকরাইল থানার ওসি সৌমেন সিনহা মহাপাত্র এবং সাঁকরাইল মণ্ডল বিজেপির সভাপতি শুভঙ্কর মাহাত-সহ স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা জলমগ্ন এলাকায় পৌঁছন। হাঁটুজলে হেঁটে তাঁরা বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতির খোঁজ নেন। প্রয়োজনে বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করা হয়।

একই গ্রাম পঞ্চায়েতের জঙ্গলকুড়চী এলাকাতেও জল জমে দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। নিকাশি ব্যবস্থা পর্যাপ্ত না থাকায় বাড়ির চারপাশে জল জমার পাশাপাশি ঘরেও জল ঢুকেছে। কোথাও মাটির দেওয়ালে ফাটল ধরেছে, কোথাও বাঁশ দিয়ে দেওয়াল ঠেকিয়ে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির বিনন্দপুর ও বেহারাসাই এলাকায় জমে থাকা জলও সাঁকরাইলের চড়ার ও গৌরবেড়া এলাকায় ঢুকেছে। বিস্তীর্ণ চাষের জমি এখন জলের তলায়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande