
কলকাতা, ২ আগস্ট (হি স): “কলম যখন সত্যের পক্ষে কথা বলে, তখন তা কেবল সাহিত্য সৃষ্টি করে না—সমাজের বিবেককেও জাগিয়ে তোলে।” সামাজিক মাধ্যমে তসলিমাকে স্বাগত জানালেন পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
অগ্নিমিত্রা শনিবার রাতে লিখেছেন, “বাংলা ভাষার অন্যতম সাহসী লেখিকা তসলিমা নাসরিন দীর্ঘদিন ধরে নারীর অধিকার, মর্যাদা, স্বাধীনতা এবং সমঅধিকারের প্রশ্নে নির্ভীকভাবে নিজের কলম চালিয়েছেন। অসংখ্য বাধা, বিতর্ক, নির্বাসন ও ব্যক্তিগত আঘাতের মধ্যেও তিনি কখনও অন্যায়ের বিরুদ্ধে নিজের কণ্ঠ স্তব্ধ হতে দেননি।
শ্রীমতী অগ্নিমিত্রা পাল গভীর শ্রদ্ধার সঙ্গে তসলিমা নাসরিনকে প্রণাম জানাচ্ছেন। তাঁর সাহস, সত্য বলার শক্তি এবং নারীসমাজের মর্যাদা প্রতিষ্ঠার নিরন্তর সংগ্রাম আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
আসুন, এমন এক সমাজ গড়ে তুলি যেখানে প্রতিটি নারী ভয় নয়, সম্মান নিয়ে বাঁচবে; নীরবতা নয়, নিজের কণ্ঠে নিজের কথা বলবে; বৈষম্য নয়, সমতা ও মানবিকতাই হবে আমাদের পরিচয়।
তসলিমা নাসরিনকে আন্তরিক শ্রদ্ধা। তাঁর সংগ্রাম আমাদের সকলের কাছে সাহস, মানবতা ও ন্যায়ের এক অমলিন আলোকবর্তিকা। দীর্ঘ প্রায় দুই দশকের অপেক্ষার পর আবারও কলকাতার মাটিতে বাংলার বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন।” উল্লেখ্য, প্রায় ১৯ বছর বাদে বাদে কলকাতায় তসলিমার ফেরা-কে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে এ কথা লেখেন অগ্নিমিত্রা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত