
হরিদ্বার, ২ আগস্ট (হি.স.): হরিদ্বারে সুষ্ঠুভাবেই চলছে কানওয়ার যাত্রা, রবিবার শিবভক্তদের ওপর পুষ্পবর্ষণ করা হয়। হরিদ্বারে কানওয়ার যাত্রীদের ওপর এদিন পুষ্পবৃষ্টি করে করে জেলা প্রশাসন। হরিদ্বারের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) নবনীত সিং ভুল্লার বলেন, এটি পুলিশ, প্রশাসন এবং রোটারি ক্লাব অফ হরিদ্বারের মতো বিভিন্ন সংস্থার একটি যৌথ উদ্যোগ। এর লক্ষ্য হলো সেইসব শিবভক্তদের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করা, যারা এখান থেকে পবিত্র জল নিয়ে তীর্থযাত্রা শুরু করেন এবং প্রায়শই শত শত কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করেন। রোটারি ক্লাব, পুলিশ ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় ভক্তদের মাঝে জুস, জল ও ফলের মতো প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে। তাঁদের যাত্রাপথের বিশালতা এবং দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পেছনে থাকা গভীর ভক্তি ও বিশ্বাসের কথা বিবেচনা করলে তাঁরা আমাদের শ্রদ্ধার পাত্র। সম্মান ও কৃতজ্ঞতাস্বরূপ শিবভক্তদের ওপর পুষ্পবৃষ্টি করা হয়েছে।
হরিদ্বারের জেলাশাসক ও জেলা কালেক্টর ময়ূর দীক্ষিত বলেন, কানওয়ার মেলা সুষ্ঠুভাবে চলছে। লক্ষ লক্ষ কানওয়ারিয়া ইতিমধ্যেই হরিদ্বারে পৌঁছে পবিত্র জল সংগ্রহ করেছেন এবং তাঁদের ফিরতি যাত্রা শুরু করেছেন। আজও প্রচুর জনসমাগম দেখা যাচ্ছে। এই উপলক্ষে বিভিন্ন স্থানে কানওয়ারিয়াদের জন্য সেবা শিবির স্থাপন করা হয়েছে, যেখানে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ-সহ বিভিন্ন সংস্থা ও সংশ্লিষ্ট পক্ষ তাঁদের স্বাগত জানাচ্ছে। তাঁদের পানীয় জল, খাবার ও চিকিৎসার সুবিধা প্রদান করা হচ্ছে। কানওয়ারিয়ারা পূর্ণ সহযোগিতা করছেন এবং নির্ধারিত সমস্ত নির্দেশিকা ও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর মেনে চলছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ