কলাছড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির ধাক্কায় গৃহবধূর মৃত্যু, আহত কিশোরী
শান্তিরবাজার (ত্রিপুরা), ২ আগস্ট (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার কলাছড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় রবিবার সকালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন গৃহবধূ। গুরুতর আহত হয়েছেন কিশোরী। দুর্ঘটনার পর এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্ত শুরু কর
সড়ক দুর্ঘটনা


শান্তিরবাজার (ত্রিপুরা), ২ আগস্ট (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার কলাছড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় রবিবার সকালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন গৃহবধূ। গুরুতর আহত হয়েছেন কিশোরী। দুর্ঘটনার পর এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, কলাছড়া এলাকার বাসিন্দা সবিতা দাস ( ৪৫) প্রতিদিনের মতো রবিবার সকালেও বাড়ির গেট খুলে প্রাতঃভ্রমণে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় তাঁর সঙ্গে প্রতিবেশী কমল রায়ের ১৩ বছর বয়সী মেয়ে সঙ্গীতা রায়ও ছিল। ঠিক তখনই আগরতলা থেকে সাব্রুমগামী একটি নতুন ওয়াগনার গাড়ি (অস্থায়ী নম্বর: টিআর৯৪০০সি) দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সবিতা দাস ও সঙ্গীতা রায়কে সজোরে ধাক্কা দেয়।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ধাক্কার পরও গাড়িটির গতি কমেনি। সেটি রাস্তার ধারে অবস্থিত একটি রেস্টুরেন্টে আঘাত করে এবং পরে অমূল্য দাসের বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত সবিতা দাস ও সঙ্গীতা রায়কে উদ্ধার করে প্রথমে কলাছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে সবিতা দাসের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাঁকে শান্তিরবাজার জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত সঙ্গীতা রায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভও দেখা দিয়েছে। তাঁদের দাবি, দুর্ঘটনাকবলিত গাড়িটি শান্তিবাজার থানার এএসআই পূর্ণ্য ত্রিপুরা চালাচ্ছিলেন। যদিও এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি। ফলে গাড়ির চালক এবং দুর্ঘটনার প্রকৃত কারণ নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে এবং ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্ঘটনার সঠিক কারণ, গাড়ির গতি, চালকের ভূমিকা এবং অন্যান্য দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande