
আগরতলা, ২ আগস্ট (হি.স.) : শারদীয়া দুর্গাপূজার আর মাত্র ৭৬ দিন বাকি। বর্ষার আমেজ এখনও কাটেনি, তবে রাজধানী আগরতলায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে ঘিরে জোর প্রস্তুতি। শহরের বিভিন্ন ক্লাবে চলছে থিম উন্মোচন, ব্যানার প্রকাশ, খুঁটিপুজো এবং প্রতিমার কাঠামো তৈরির কাজ। এরই মধ্যে রবিবার খুঁটিপুজো ও থিম উদ্বোধনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা করল রাজধানীর অন্যতম ঐতিহ্যবাহী পূজা উদ্যোক্তা কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন।
এবার ৩০ লক্ষ টাকার বাজেটে সম্পূর্ণ ভিন্নধর্মী ‘কাচের মায়াজাল’ থিমে মণ্ডপ নির্মাণের উদ্যোগ নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। আয়োজকদের দাবি, আলো, কাচ ও নান্দনিক শিল্পকলার সমন্বয়ে তৈরি এই থিম দর্শকদের কাছে এক নতুন অভিজ্ঞতা এনে দেবে এবং রাজধানীর অন্যতম আকর্ষণ হয়ে উঠবে।
রবিবার সকালে বৈদিক মন্ত্রোচ্চারণ ও পূজার্চনার মধ্য দিয়ে ক্লাব প্রাঙ্গণে খুঁটিপুজো সম্পন্ন হয়। একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এবারের পূজোর থিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের কর্মকর্তা, সদস্য, বিশিষ্টজন এবং এলাকার বহু বাসিন্দা। উৎসবের আবহে খুঁটিপুজোকে ঘিরে এলাকাজুড়ে ছিল উৎসাহ-উদ্দীপনার পরিবেশ।
ক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য তথা প্রাক্তন সম্পাদক স্বপন দেবনাথ জানান, প্রতিবছরই কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের দুর্গাপূজা শহরের অন্যতম দর্শনীয় পূজা হিসেবে পরিচিত। সেই ঐতিহ্য বজায় রাখতেই এবছর দর্শকদের জন্য সম্পূর্ণ নতুন ভাবনায় ‘কাচের মায়াজাল’ থিম নির্বাচন করা হয়েছে। মণ্ডপ ও প্রতিমা নির্মাণের দায়িত্বে থাকছেন পশ্চিমবঙ্গের শিলিগুড়ির অভিজ্ঞ শিল্পীরা। তাঁদের সৃজনশীলতায় এবারের পূজা আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও জানান, শুধুমাত্র আড়ম্বরপূর্ণ মণ্ডপ নির্মাণেই সীমাবদ্ধ থাকবে না ক্লাবের আয়োজন। অন্যান্য বছরের মতো এবছরও দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হবে। স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, সমাজসেবামূলক উদ্যোগ এবং উৎসবমুখর পরিবেশ তৈরির পরিকল্পনা রয়েছে।
খুঁটিপুজোর অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রবীণ থেকে যুবক, নারী-পুরুষ—সকলের অংশগ্রহণে উৎসবের আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
শহরে দুর্গোৎসবের প্রস্তুতি ইতিমধ্যেই গতি পেয়েছে। বড় বাজেটের বিভিন্ন ক্লাবের পাশাপাশি কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ‘কাচের মায়াজাল’ থিমও এবার রাজধানীর দর্শকদের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলেই মনে করছেন উৎসবপ্রেমীরা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ