
খুঁটি, ২০ আগস্ট (হি.স.): খুঁটি জেলার কাররা থানার লোধমা পুলিশ পিকেটের কাছে বৃহস্পতিবার সকালে গাড়ি তল্লাশির সময় একটি চারচাকা গাড়ি থেকে প্রায় ২০৫ কেজি গাঁজা উদ্ধার করল কাররা পুলিশ ও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি), রাঁচির যৌথ দল। গাড়িটি বাজেয়াপ্ত করার পাশাপাশি পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওড়িশার রাউরকেলা থেকে সিমডেগা ও কামডারা হয়ে গাঁজা বোঝাই একটি গাড়ি কাররা-লোধমা সড়ক দিয়ে রাঁচির দিকে যাচ্ছে বলে পুলিশ সুপার গোপন সূত্রে খবর পান। সেই খবরের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে কাররা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে একটি দল গঠন করা হয়।
এরপর কাররা পুলিশ ও এনসিবি রাঁচির যৌথ দল লোধমা পুলিশ পিকেটের কাছে গাড়ি তল্লাশি অভিযান শুরু করে। সেই সময় সন্দেহজনক একটি চারচাকা গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। গাড়ির ভিতর থেকে প্রায় ২০৫ কেজি গাঁজা উদ্ধার হয়।
অভিযানের পর উদ্ধার হওয়া গাঁজা, বাজেয়াপ্ত গাড়ি এবং ধৃত পাঁচ জনকে নিজেদের সঙ্গে রাঁচির এনসিবি দফতরে নিয়ে যায় এনসিবির দল। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য