
জয়পুর, ২০ আগস্ট (হি.স.): ঘুষ নেওয়ার অভিযোগে এক নার্সিং অফিসারকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন ব্যুরো (এসিবি)। বৃহস্পতিবার রাজস্থানের ভরতপুরের হালৈনা এলাকার কমিউনিটি হেলথ সেন্টারে অভিযান চালিয়ে নার্সিং অফিসার গ্রেড-২ মুরারীলাল মীনাকে ১ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার করা হয়।
এসিবি–র অতিরিক্ত পুলিশ সুপার অমিত সিং জানান, অভিযোগকারী এ বিষয়ে এসিবি–র কাছে অভিযোগ করেছিলেন। তাঁর অভিযোগ, বেকার ভাতার জন্য হাজিরা নথিভুক্ত করে তা অনলাইনে আপলোড করার জন্য মুরারীলাল চার মাস ৫০০ টাকা করে মোট ২ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন।
অভিযোগের সত্যতা যাচাইয়ের সময় অভিযুক্ত ১ হাজার ৫০০ টাকায় বিষয়টি মিটিয়ে নেওয়ার কথা বলেন এবং অভিযোগকারীর কাছ থেকে ৫০০ টাকা ঘুষ নেন। এরপর ঘুষের দাবি নিশ্চিত হওয়ার পর ভরতপুর এসিবি চৌকির আধিকারিকরা ফাঁদ পেতে অভিযানের পরিকল্পনা করেন।
বৃহস্পতিবার অভিযানের সময় অভিযোগকারী বাকি ১ হাজার টাকা দিতে গেলে এসিবির দল মুরারীলাল মীনাকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরে ফেলে। এরপর তাঁকে গ্রেফতার করা হয়। ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস