
কলকাতা, ২০ আগস্ট (হি. স.) : পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ-র উদ্যোগে ও কলকাতা চেম্বার অফ কমার্সের সহযোগিতায় জাতীয় পেনশন ব্যবস্থা নিয়ে বৃহস্পতিবার একটি সচেতনতা কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার মূল বিষয় ছিল— ‘ন্যাশনাল পেনশন সিস্টেম: একটি স্মার্ট বিনিয়োগের পছন্দ - আজ নাম নথিভুক্ত করুন, আগামীকাল সুরক্ষিত করুন।’
কর্মশালায় বক্তাদের মধ্যে উদ্বোধনী বক্তব্য রাখেন - সংস্থার সভাপতি অনন্ত শাহরিয়ার। এরপর পুরুষোত্তম আগরওয়াল এই প্রসঙ্গে দু-চার কথা বলেন। তাঁর অভিমত, ক্ষুদ্র ও ছোট এবং মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক - কর্মচারীদের কথা ভেবেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় পেনশন পদ্ধতিতে শ্রমিক কর্মচারীদের সচেতনতা বাড়াতে এই কর্মশালার আয়োজন। এন পি এস - সংস্থার সহকারী ম্যানেজার ধৃতিমান সরকার এই প্রসঙ্গে জানিয়েছেন যে, মূলত অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতেই পরিকল্পিত বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা ফের স্মরণ করিয়ে দেওয়ার লক্ষ্যে এই কর্মশালা। সেই সম্পর্কে যাবতীয় তথ্য তুলে ধরেছেন তিনি । বিশেষ করে, কর্মজীবনের শুরু থেকেই অবসরকালীন সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে। ন্যাশনাল পেনশন সিস্টেম-এর বিভিন্ন সুবিধা, বিনিয়োগের ধরন, কর-সংক্রান্ত সুবিধা এবং অবসর-পরবর্তী সময়ে নিয়মিত আয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
আয়োজকদের বক্তব্য, বর্তমান সময়ে দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই পরিকল্পনার অন্যতম কার্যকর মাধ্যম হতে পারে ন্যাশনাল পেনশন সিস্টেম। কর্মশালায় ব্যবসায়ী, পেশাজীবী এবং বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদের ন্যাশনাল পেনশন সিস্টেম সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়। কী ভাবে ন্যাশনাল পেনশন সিস্টেম-এ নাম নথিভুক্ত করা যায় এবং বিনিয়োগের মাধ্যমে ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার ভিত মজবুত করা সম্ভব, তা নিয়েও উপস্থিতদের প্রশ্নের উত্তর দেন বিশেষজ্ঞরা। ‘আজকের সঞ্চয়ই আগামী দিনের নিরাপত্তা’ - এই বার্তাকে সামনে রেখে কর্মশালার সমাপ্তি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত