
গাজোল, ২৬ আগস্ট (হি.স.): সাতসকালে খাড়ির ব্রিজের নিচ থেকে এক ব্যক্তির নিথর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মালদার গাজোলে। বুধবার গাজোল থানার অন্তর্গত কসবা এলাকায় এই ঘটনা ঘটে। মৃতের নাম নন্দ দাস। তিনি সরকারপাড়া এলাকার পালপাড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় দিনমজুর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে ব্রিজের নিচে ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায়। কীভাবে ওই ব্যক্তি ব্রিজের নিচে পড়ে গেলেন, তা নিয়ে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে বলে জানা গিয়েছে।
গাজোল-১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ কুমার সরদার জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে নন্দ দাসকে মৃত অবস্থায় দেখতে পান। তাঁর দাবি, নন্দ বেশ কিছুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন। কোনওভাবে ব্রিজ থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
অন্যদিকে, স্থানীয় এক মহিলার দাবি, বটতলী এলাকায় বেআইনি মদের ব্যবসা চলছে। তাঁর অভিযোগ, মদ্যপ অবস্থায় বাড়ি ফেরার সময় নন্দ ব্রিজ থেকে পড়ে গিয়ে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের তদন্তের পরই স্পষ্ট হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়