
মুর্শিদাবাদ, ২৬ আগস্ট (হি. স.): বাংলাদেশে পাচারের ঠিক আগেই ১৩৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করল মুর্শিদাবাদের ফারাক্কা থানার পুলিশ। এই ঘটনায় মাসাদুল রহমান (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সে মুর্শিদাবাদের সমশেরগঞ্জ থানার হিজলতলা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। বুধবার সকালে ধৃতকে জঙ্গিপুর আদালতে পেশ করা হলে বিচারক তাকে ৭ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফারাক্কার নেতাজি সেতুর কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা ওই যুবককে পুলিশ প্রথমে আটক করে। জিজ্ঞাসাবাদ ও তল্লাশির সময় তার কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার হয়। ব্যাগটি খুলতেই তার ভেতর থেকে ১৩৩টি দামি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পাওয়া যায়।
পুলিশের প্রাথমিক অনুমান, মোবাইল ফোনগুলি ঝাড়খণ্ড থেকে এনে ফারাক্কা সীমান্ত পথ দিয়ে বাংলাদেশে পাচারের পরিকল্পনা করা হয়েছিল। এই পাচারচক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা জানতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সোনালি