
শিলিগুড়ি, ২৬ আগস্ট (হি. স. ) : এ বার তোলাবাজি রুখতে মাইক হাতে রাস্তায় নামলেন শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার অন্যতম সদস্য শঙ্কর ঘোষ।
বিরোধী শিবিরে থাকার সময় শাসক তৃণমূলের বিরদ্ধে যে অভিযোগে করত বিজেপি, সেই একই অভিযোগ বুমেরাং হয়েছে।
নতুন সরকারের সাড়ে তিন মাসের মেয়াদে বেশ কিছু জায়গা থেকে তোলাবাজির অভিযোগ পেয়েছে শাসকদল। তা নিয়ে শীর্ষ নেতৃত্বের গলাতেও সাবধানবাণী শোনা গিয়েছে।
বুধবার রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্করবাবুকে তাঁর নিজের শহরে দেখা যায় মাইক হাতে। তিনি হুঁশিয়ারি দেন, তোলাবাজি করলেই জেলে যেতে হবে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে বিভিন্ন জায়গায় অনৈতিক ভাবে টাকা তোলার অভিযোগ উঠছে। বেশির ভাগ ক্ষেত্রে অভিযুক্ত শাসকদলেরই কেউ। এ পর্যন্ত কারও কারও বিরুদ্ধে দলের তরফে শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু পুলিশপ্রশাসন পদক্ষেপ করেছে, এমন তথ্য নেই।
কয়েক দিন ধরে তাঁর শহরেও তোলাবাজির অভিযোগ উঠছে। সেটা কানে গিয়েছে মন্ত্রীরও।
তিনি কলকাতা থেকে শিলিগুড়ি ফেরার কিছুক্ষণ পরেই রাস্তায় নেমে পড়েন। শহরের কোর্ট মোড়ে গিয়ে ঘোষণা করেন, তোলাবাজি বরদাস্ত করা হবে না। পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ আধিকারিককে নির্দেশ দেন, কেউ তোলাবাজি করলেই গ্রেফতার করতে হবে। এবং এই ‘নীতি’ দল-মত নির্বিশেষে সকলের জন্য প্রযোজ্য।
মাইক হাতে শঙ্কর বলেন, ‘‘রাজ্যে এখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। কেউ এই সব অনৈতিক কাজ করলে তাঁকে ছেড়ে কথা বলা হবে না। মনে রাখবেন, রাজ্য থেকে তোলাবাজ সরকার বিদায় নিয়েছে। আমাদের আমলে এ সব চলবে না।’’
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত