ক্ষতিগ্রস্ত রেলপথে জোরকদমে পাইলিং চলছে তৃতীয় লাইন দিয়ে নির্বিঘ্নে চলছে যাত্রী ও মালগাড়ি
হাফলং (অসম) ২৬ আগষ্ট (হি. স.): নিউ হাফলং-হারাঙ্গাজাও রেলপথের ক্ষতিগ্রস্ত অংশে পুনরুদ্ধারের কাজ এখন জোরকদমে চলছে। ১১৮/১-৩ কিলোমিটার অংশে ক্ষতিগ্রস্ত প্রথম ও দ্বিতীয় রেললাইন পুরোপুরি স্বাভাবিক করতে আরও প্রায় এক মাস সময় লাগতে পারে বলে রেল সূত্রে জানা
New Harangjao


হাফলং (অসম) ২৬ আগষ্ট (হি. স.): নিউ হাফলং-হারাঙ্গাজাও রেলপথের ক্ষতিগ্রস্ত অংশে পুনরুদ্ধারের কাজ এখন জোরকদমে চলছে। ১১৮/১-৩ কিলোমিটার অংশে ক্ষতিগ্রস্ত প্রথম ও দ্বিতীয় রেললাইন পুরোপুরি স্বাভাবিক করতে আরও প্রায় এক মাস সময় লাগতে পারে বলে রেল সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই ওই অংশে শুরু হয়েছে পাইলিংয়ের কাজ। পাহাড়ি এলাকায় মাটির স্থায়িত্ব বাড়ানো এবং রেলপথের ভিত আরও মজবুত করে নিরাপদ ও স্থায়ী ভাবে পুনর্গঠনের ক্ষেত্রে এই কাজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রথম ও দ্বিতীয় লাইন ক্ষতিগ্রস্ত হয়ে পড়লেও পুনরুদ্ধারের কাজে কোনও ঢিলেমি নেই উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের (এনএফআর)। বরং যুদ্ধকালীন তৎপরতায় চলছে মেরামতির কাজ। রেলকর্মী, ইঞ্জিনিয়ার এবং প্রযুক্তিগত দলের সদস্যরা দিন-রাত কাজ করে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত অংশে রেল পরিষেবা সচল রাখতে তৃতীয় লাইনকে ব্যবহার করা হচ্ছে। বুধবার ওই লাইন দিয়ে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস-সহ একাধিক যাত্রীবাহী ট্রেন এবং পণ্যবাহী ট্রেন নির্বিঘ্নে চলাচল করেছে। নিরাপদে ট্রেনগুলি ক্ষতিগ্রস্ত এলাকা অতিক্রম করায় যাত্রী ও পণ্য পরিবহণে বড় ধরনের বিঘ্ন এড়ানো সম্ভব হয়েছে। রেল সূত্রের খবর, প্রথম ও দ্বিতীয় লাইনের পুনরুদ্ধারে পাইলিংয়ের পাশাপাশি একাধিক প্রযুক্তিগত ও প্রকৌশলগত কাজ চলছে। পাহাড়ি এলাকার ভূপ্রকৃতি, মাটির স্থায়িত্ব এবং ভবিষ্যতে ট্রেন চলাচলের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় কাজ শেষ হওয়ার পর ধাপে ধাপে ওই দুই লাইনকে ফের ট্রেন চলাচলের উপযোগী করে তোলা হবে। ফলে ক্ষতিগ্রস্ত প্রথম ও দ্বিতীয় লাইন এখনও মেরামতির পর্যায়ে থাকলেও তৃতীয় লাইনকে কাজে লাগিয়ে রেল পরিষেবা সচল রাখার উদ্যোগ কার্যত সফল। এক দিকে বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা, অন্য দিকে ক্ষতিগ্রস্ত লাইন দুটির দ্রুত পুনর্গঠন—দুই দিকেই সমান গুরুত্ব দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে এনএফআর। পাহাড়ি এই গুরুত্বপূর্ণ রেলপথে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনাই এখন রেলের প্রধান লক্ষ্য।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande