
কলকাতা, ২৬ আগস্ট (হি.স.): নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সৌরীশ বন্দ্যোপাধ্যায়। নিম্নচাপের প্রভাব কিছুটা কমলেও বুধবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একই সঙ্গে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। ফলে এই জেলাগুলিতে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গেও বৃষ্টির পরিস্থিতি অব্যাহত থাকবে। আজ উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী ২৮ আগস্ট, শুক্রবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের বাকি দিনগুলিতেও উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। দক্ষিণবঙ্গেও আগামী কয়েক দিনে বৃষ্টির প্রবণতা বজায় থাকার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের গতিপ্রকৃতির উপর নজর রাখছে আবহাওয়া দফতর।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়