
আরারিয়া, ২৬ আগস্ট (হি.স.): নেপাল থেকে ভারতে মদ পাচারের চেষ্টা ব্যর্থ করল সশস্ত্র সীমা বল (এসএসবি)। বুধবার বিহারের আরারিয়ায় এসএসবি-র ৫৬তম ব্যাটালিয়নের 'এফ' কোম্পানির একটি বিশেষ টহলদারি দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫৯ বোতল নেপালি মদ-সহ দুই পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে।
আরারিয়ায় ভারত-নেপাল সীমান্ত স্তম্ভ নম্বর ১৮০/০১-এর কাছে ভারতীয় ভূখণ্ডে প্রায় দুশো মিটার ভেতরে এই অভিযান চালায় সশস্ত্র সীমা বল। জানা গেছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে জোগবানি সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছিল এসএসবি-র বিশেষ টহলদারি দলটি। সেই সময় নেপাল থেকে ভারতে মদ নিয়ে প্রবেশের মুখে দুই ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় ৫৯ বোতল অবৈধ নেপালি মদ।
গ্রেফতার হওয়া দুই অভিযুক্তের পরিচয় মিলছে। এদের মধ্যে একজন বিহারের ফারবিসগঞ্জের বাসিন্দা মোহাম্মদ আজাদ (৫১) এবং অন্যজন নেপালের মোরাং জেলার বিরাটনগরের বাসিন্দা রাজু সাহানি (৪৭)। গ্রেফতারের পর প্রয়োজনীয় সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। বাজেয়াপ্ত করা মদ আবগারি বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে। সীমান্ত এলাকা দিয়ে যেকোনও ধরনের চোরাচালান রুখতে নজরদারি আরও কড়া করা হয়েছে বলে খবর।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস