
মালদা, ২৬ আগস্ট (হি.স.): মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে একই দিনে ১০ জন নবজাতকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি জানার পরই মেডিকেল কর্তৃপক্ষের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে স্বাস্থ্যভবন। মেডিকেল সূত্রে জানা গিয়েছে, আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে একই দিনে এই ১০ শিশুর মৃত্যু হয়। ঘটনার কথা স্বীকার করেছে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষও।
মেডিকেল সূত্রের খবর, মৃত ১০ শিশুর মধ্যে আটজনকে আশঙ্কাজনক অবস্থায় বাইরে থেকে মালদা মেডিকেলে রেফার করা হয়েছিল। তাঁদের মধ্যে কয়েকজনের জন্ম অন্য সরকারি হাসপাতাল বা নার্সিংহোমে হয়েছিল বলে জানা গিয়েছে। শ্বাসকষ্ট, জন্ডিস এবং হৃদ্যন্ত্রের সমস্যার মতো বিভিন্ন শারীরিক জটিলতার কারণে ওই শিশুদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
বুধবার মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল সুপার প্রসেনজিৎ বর জানান, একদিনে ১০ জন শিশুর মৃত্যু হয়েছিল। তবে তাঁদের মধ্যে মাত্র দুজনের জন্ম মালদা মেডিকেলেই হয়েছিল। বাকি আটজনকে গুরুতর অসুস্থ অবস্থায় বিভিন্ন জায়গা থেকে এখানে রেফার করা হয়েছিল।
ঘটনা নিয়ে স্বাস্থ্যভবনের তরফে রিপোর্ট চাওয়া হয়েছে। মেডিকেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই প্রাথমিক রিপোর্ট পাঠিয়েছে। দ্রুত পূর্ণাঙ্গ রিপোর্টও পাঠানো হবে বলে জানিয়েছেন মেডিকেল সুপার। একসঙ্গে এতজন নবজাতকের মৃত্যুর কারণ এবং চিকিৎসা সংক্রান্ত সমস্ত বিষয় খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়