
কলকাতা, ২৬ আগস্ট (হি স)। যাঁরা দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে জড়িত, পুরভোটে প্রার্থী হিসাবে
তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। বুধবার সাংবাদিক সম্মেলনে এ কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী তথা দলের তরফে পুরভোটের দেখভালের দায়িত্বপ্রাপ্ত
সুকান্ত মজুমদার।
সেখানে তিনি জানান, দলের সকলের সঙ্গে আলোচনা করে প্রার্থী বাছাই করা হবে। কলকাতা পুরসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ের জন্য একটি এসওপি তৈরি করবে দল। সেই এসওপি অনুযায়ী প্রার্থী বাছাই হবে। সমাজের সব স্তরের মানুষকে তালিকায় রাখা হবে। স্বচ্ছ ভাবমূর্তির মানুষকেই অগ্রাধিকার দেবে দল। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
এর পাশাপাশি বিজেপির ‘অতি উৎসাহী’ নেতাদের সতর্ক করে দেন সুকান্তবাবু। তাঁর কথায়, “কেউ যদি মনে করে আমি প্রার্থী হয়ে গিয়েছি, তাহলে পরে তাঁকে আফসোস করতে হবে। তখন আফসোস করবে, কাঁদবে।”
ভালো তৃণমূলের নেতা বিজেপির প্রার্থী তালিকায় জায়গা পাবে কি না সেই প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, “ভালো ও কালো দুটোই আপেক্ষিক। তাই আপেক্ষিক বিষয় নিয়ে রাজনীতিতে কথা না বলাই ভালো।”
পুরভোটের লক্ষ্য বেধে দিয়ে তিনি জানান, বিগত বিধানসভা নির্বাচনের ফলাফল বিচার করলে কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১০১টি ওয়ার্ডে বিজেপি এগিয়ে আছে। তৃণমূল ধরাশায়ী হয়েছে। বর্তমানে ২০৯টি ওয়ার্ড হয়েছে। তার মধ্যে
১৭০-১৮০টি আসনে জিতবে বিজেপি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত