দ্রব্যমূল্য বৃদ্ধি ও অটোচালকদের হয়রানির প্রতিবাদে শ্রমিক কংগ্রেসের বিক্ষোভ মিছিল আগরতলায়
আগরতলা, ২৬ আগস্ট (হি.স.) : লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ই-রিকশা, টমটম ও অটোচালকদের ওপর কথিত হয়রানির প্রতিবাদে সরব হল ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেস। বুধবার সংগঠনের উদ্যোগে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এদিন পোস্ট অফিস চৌমুহনীস্থ
আগরতলায় বিক্ষোভ মিছিল


আগরতলা, ২৬ আগস্ট (হি.স.) : লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ই-রিকশা, টমটম ও অটোচালকদের ওপর কথিত হয়রানির প্রতিবাদে সরব হল ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেস। বুধবার সংগঠনের উদ্যোগে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এদিন পোস্ট অফিস চৌমুহনীস্থিত প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে।

মিছিলে সংগঠনের কর্মী-সমর্থকদের পাশাপাশি ই-রিকশা, টমটম ও অটোচালকদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরা হয়। মিছিল থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধি রোধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। একইসঙ্গে বৈধ কাগজপত্র ও লাইসেন্স থাকা সত্ত্বেও অটো ও অন্যান্য যানবাহনের চালকদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তুলে এর অবসানের দাবি জানানো হয়।

এদিন ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেসের সভাপতি শান্তনু পাল অভিযোগ করেন, চাল, চিনি, পেঁয়াজ, সরিষার তেল, মুগ ডাল, মসুর ডাল-সহ একাধিক নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে শ্রমজীবী ও নিম্ন আয়ের পরিবারগুলিকে চরম আর্থিক চাপের মধ্যে পড়তে হচ্ছে। বাজারদর নিয়ন্ত্রণে সরকারকে আরও কার্যকর ভূমিকা গ্রহণের দাবি জানান তিনি।

অন্যদিকে, ই-রিকশা, টমটম ও অটোচালকদের বিভিন্ন সমস্যার বিষয়টিও এদিন মিছিল থেকে তুলে ধরা হয়। শান্তনু পালের অভিযোগ, একদিকে মন্ত্রিদের পক্ষ থেকে অটোচালকদের নির্দিষ্ট এলাকায় চলাচলের অনুমতি দেওয়ার কথা বলা হচ্ছে, অন্যদিকে পুলিশ তাঁদের কিছু রাস্তায় চলাচলে বাধা দিচ্ছে। ফলে চালকদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ তৈরি হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় নথিপত্র থাকা সত্ত্বেও অনেক চালককে বিভিন্নভাবে হেনস্তার মুখে পড়তে হচ্ছে। জীবিকা নির্বাহের জন্য রাস্তায় বেরিয়ে বারবার হয়রানির শিকার হতে হচ্ছে বলে দাবি করেন তিনি। প্রশাসনের বিভিন্ন স্তরের নির্দেশের মধ্যে সমন্বয়ের অভাবেই এই সমস্যা আরও জটিল হচ্ছে বলেও অভিযোগ করেন সংগঠনের সভাপতি।

শান্তনু পাল বলেন, শ্রমজীবী মানুষের স্বার্থে সরকারকে অবিলম্বে বিষয়গুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি ই-রিকশা, টমটম ও অটোচালকদের জন্য স্পষ্ট ও অভিন্ন পরিবহণ নীতি কার্যকর করার দাবি জানান তিনি। বৈধ কাগজপত্র থাকা চালকদের অযথা হয়রানি বন্ধ করারও আহ্বান জানান তিনি।

এদিনের বিক্ষোভ থেকে সংগঠনের পক্ষ থেকে সরকারকে সতর্ক করে বলা হয়, সাধারণ মানুষের সমস্যা ও অসংগঠিত শ্রমিকদের দাবিগুলির দ্রুত সমাধান না হলে আগামী দিনে আন্দোলনের পরিধি আরও বাড়ানো হবে। প্রয়োজন হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেসের সভাপতি শান্তনু পাল।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande