
ভাগলপুর, ২৭ আগস্ট (হি.স.) : গঙ্গা ও কোশি নদীর জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় বিহারের ভাগলপুর জেলার নবগছিয়া মহকুমার নদী তীরবর্তী এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। নদীর জলস্তর বৃদ্ধিতে জলসম্পদ দফতর ও স্থানীয় প্রশাসনের উদ্বেগও বেড়েছে। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে ইসমাইলপুর-বিন্দটোলি বাঁধের কাছে। সেখানে গঙ্গার জলস্তর বিপদসীমার ৫৮ সেন্টিমিটার ওপরে বইছে।
জলস্তর দ্রুত বেড়ে যাওয়ায় তীররক্ষা বাঁধগুলির ওপর প্রবল চাপ তৈরি হয়েছে। গঙ্গার স্রোত ও ঢেউ সরাসরি বন্যা নিয়ন্ত্রণ কাঠামোয় ধাক্কা মারায় বিভিন্ন এলাকায় ভাঙনের আশঙ্কাও বেড়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় অনেকে নিরাপদ ও উঁচু জায়গায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বন্যার আশঙ্কা বাড়ায় জলসম্পদ দফতরের ইঞ্জিনিয়ার এবং স্থানীয় প্রশাসনের আধিকারিকদের সতর্ক রাখা হয়েছে। ইসমাইলপুর-বিন্দটোলি তীররক্ষা বাঁধে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে। সংবেদনশীল এলাকাগুলিতে বাঁধ রক্ষা ও ভাঙন ঠেকাতে প্রতিরোধমূলক কাজ জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস