
আগরতলা, ২৭ আগস্ট (হি.স.) : মোবাইলে কথা বলতে বলতে কুঞ্জবনস্থিত পানীয় জলের ফিল্টার হাউসের ওভারহেড ট্যাঙ্কের উপর উঠে ঝাঁপ দেওয়ার ঘটনায় বৃহস্পতিবার দুপুরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আগরতলায়। ঘটনায় অজ্ঞাতপরিচয় ওই যুবতীর মৃত্যু হয়েছে। মৃতার পরিচয় এখনও জানা যায়নি। কী কারণে ওই যুবতী সেখানে গিয়েছিলেন এবং কেনই বা এমন চরম পদক্ষেপ নিলেন, তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ। প্রত্যক্ষদর্শী ফিল্টার হাউসের জনৈক কর্মীর বর্ণনা অনুযায়ী, ঘটনার সময় তিনি পানীয় জলের গুণমান পরীক্ষা করছিলেন। সেই সময় বাইরে বেরিয়ে হঠাৎ তিনি ওভারহেড ট্যাঙ্কের উপর থেকে এক যুবতীর মোবাইলে কথা বলার আওয়াজ শুনতে পান। উপরের দিকে তাকিয়ে তিনি দেখতে পান, ওই যুবতী ট্যাঙ্কের চূড়ায় দাঁড়িয়ে রয়েছেন।
পরিস্থিতি আঁচ করে ওই কর্মী যুবতীকে নিচে নেমে আসার জন্য একাধিকবার অনুরোধ করেন। কিন্তু তাঁর কথায় সাড়া না দিয়ে যুবতী মোবাইলে কথা বলতে থাকেন। প্রত্যক্ষদর্শীর দাবি, কিছুক্ষণের মধ্যেই আচমকাই ট্যাঙ্কের উপর থেকে নিচে ঝাঁপ দেন তিনি। ঘটনায় এলাকায় মুহূর্তের মধ্যে উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ওই কর্মী আরও জানান, যুবতী ফিল্টার হাউসের মূল ফটক দিয়ে ভিতরে প্রবেশ করেননি। জঙ্গলাকীর্ণ একটি পথ দিয়ে সবার অলক্ষ্যে তিনি ফিল্টার হাউসের চত্বরে ঢুকে ওভারহেড ট্যাঙ্কের উপরে উঠে যান বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ফিল্টার হাউসের চারপাশে বাউন্ডারি থাকা সত্ত্বেও কীভাবে ওই যুবতী চত্বরে প্রবেশ করলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি মৃতার পরিচয় শনাক্ত করারও চেষ্টা চলছে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন দমকল কর্মীরা। তাঁরা যুবতীর মৃতদেহ উদ্ধার করে জিবিপি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন বলে জানা গেছে।
মৃতার পরিচয় এবং ঘটনার নেপথ্যে প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। মোবাইলে কার সঙ্গে কথা বলছিলেন ওই যুবতী, সেই কথোপকথনের সঙ্গে ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা-ও তদন্তের বিষয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। রাজধানীর ব্যস্ত জনপদের মধ্যে সুরক্ষিত পানীয় জল প্রকল্পের চত্বরে কীভাবে ওই যুবতী প্রবেশ করে ওভারহেড ট্যাঙ্কের চূড়ায় পৌঁছলেন, তা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ