
নয়াদিল্লি, ৪ আগস্ট (হি. স.): দেশের যুবসমাজের উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং ২০৩০ সালের কমনওয়েলথ গেমসের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক ‘মঙ্গল মিলন’ বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। সংসদ ভবনের লাইব্রেরি বিল্ডিংয়ের জিএমসি বালযোগী সভাগৃহে অনুষ্ঠিত বৈঠকে কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য দুটি বিশেষ উপস্থাপনা করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন-সহ এনডিএ-র একাধিক শীর্ষ নেতা ও সাংসদ। পাশাপাশি সংসদের চলতি বাদল অধিবেশনের বাকি ১০ দিনের আইন প্রণয়ন সংক্রান্ত কৌশল নিয়েও আলোচনা হয়।
সূত্রের খবর, বৈঠকে সংসদের ফ্লোর ম্যানেজমেন্ট, গুরুত্বপূর্ণ বিল পাস করানো এবং শরিক দলগুলির মধ্যে সমন্বয় আরও জোরদার করার বিষয়টি গুরুত্ব পায়। এরপর মনসুখ মাণ্ডব্য ২০৩০ সালের কমনওয়েলথ গেমসের প্রস্তুতি, যুব উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা নিয়ে দুটি পৃথক প্রেজেন্টেশন দেন।
এদিকে, এনসিপিআই-এর তিন সাংসদ আবু তাহির, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান টানা দ্বিতীয়বারের মতো এই বৈঠকে অনুপস্থিত ছিলেন। তাঁদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসে তাঁদের ফেরার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট সাংসদ বা দলের তরফে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।
বৈঠক শেষে সাংসদ রবি কিষাণ বলেন, দেশের উন্নয়নের গতি, জিডিপি বৃদ্ধি, কর্মসংস্থান এবং যুবকদের জন্য নতুন সুযোগ তৈরির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য