
নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.): সংসদের বাদল অধিবেশনের দ্বাদশতম দিনও বিরোধীদের তুমুল হইহট্টগোল অব্যাহত থাকল সংসদে। তুমুল হট্টগোলের জেরে দফায় দফায় মুলতুবি করে দেওয়া হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। পরে বিরোধীদের হট্টগোল জারি থাকায় দিনের মতো লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ লোকসভা ও রাজ্যসভার অধিবেশন শুরু হওয়ার পর থেকে লোকসভা ও রাজ্যসভায় বিভিন্ন ইস্যুতে হট্টগোল করেন বিরোধীরা। বিরোধীদের শান্ত হওয়ার আহ্বান জানান লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। কিন্তু তাতে কেউ কর্ণপাত করেননি, তাই লোকসভার অধিবেশন প্রথমে দুপুর দুটো এবং পরে বুধবার বেলা এগারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়।
একইরকম হট্টগোল হয় রাজ্যসভায়। সংসদের উচ্চকক্ষে হট্টগোলের জন্য এদিন কংগ্রেস ও সমাজবাদী পার্টির সমালোচনা করেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। রামমন্দিরে অর্থ তছরুপ সংক্রান্ত বিষয় উত্থাপন করায় তিনি বলেন, কংগ্রেস ও সপা ভগবান রামের বিরোধী। রাজ্যসভার অধিবেশন এদিন প্রথমে বারোটা, পরে দুপুর দু'টো এবং তারপর দিনের মতো মুলতুবি করে দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ