
পুঞ্চ, ৪ আগস্ট (হি. স.) : জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার সুরনকোট থানা এলাকার ধারা সংলা গ্রাম সংলগ্ন অঞ্চলে সন্দেহজনক গতিবিধির খবর পাওয়ার পর মঙ্গলবার স্পেশাল অপারেশনস গ্রুপ সুরনকোট এবং ১৬ রাষ্ট্রীয় রাইফেলস যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করেছে।
প্রশাসন সূত্রের খবর অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তিদের দেখতে পাওয়ার দুটি পৃথক ঘটনা সামনে এসেছে। প্রথম ঘটনায় গুজ্জর নার এলাকায় ৩ জন সন্দেহভাজনকে দেখা যায়, এবং দ্বিতীয় ঘটনায় খেরোয়ালি ঢোকের কাছে ৪ জন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পাওয়া যায়। খবর পেতেই নিরাপত্তাবাহিনী দ্রুত এলাকা ঘিরে ফেলে এবং সন্দেহভাজনদের খোঁজে যৌথ অভিযান শুরু করে।
সংবাদ লেখা পর্যন্ত সংশ্লিষ্ট অঞ্চলে নিরাপত্তাবাহিনীর অভিযান জারি ছিল। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নিরাপত্তাবাহিনী গোটা এলাকায় নজরদারি বাড়িয়ে দিয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি