
ভুবনেশ্বর, ৪ আগস্ট (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওড়িশা সফরে। ৩-দিনের এই সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি মঙ্গলবার বিশেষ ট্রেনে ভুবনেশ্বর থেকে ব্রহ্মপুর পর্যন্ত যান। এই বিশেষ ট্রেনের দিল্লি থেকে এসেছিলেন রাষ্ট্রপতি। ভুবনেশ্বর ও ব্রহ্মপুরের মধ্যে রেলপথে যাত্রায় সময় লাগে প্রায় দুই ঘণ্টা দশ মিনিট। যাত্রাপথে নিরাপত্তা নিশ্চিত করতে মূল ট্রেনটির আগে ও পেছনে দু'টি এসকর্ট ট্রেনও চলে।
ওড়িশার ইতিহাসে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে, মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওড়িশার রাজ্যপাল হরি বাবু কাম্ভামপতি ও মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির সঙ্গে ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন থেকে ব্রহ্মপুরগামী বিশেষ ট্রেনে যাত্রা শুরু করেন। রাষ্ট্রপতি মুর্মুই হলেন ভারতের প্রথম ক্ষমতাসীন রাষ্ট্রপতি যিনি ট্রেনে করে ব্রহ্মপুর রেল স্টেশনে ভ্রমণ করছেন।
কমিশনারেট অফ পুলিশ, গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ ও রেলওয়ে প্রোটেকশন ফোর্স-এর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। ভুবনেশ্বর স্টেশন চত্বরের ভেতরে ও বাইরে বহু-স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছিল এবং ১ ও ২ নম্বর প্ল্যাটফর্ম শুধুমাত্র রাষ্ট্রপতির বিশেষ ট্রেনটির জন্য সংরক্ষিত রাখা হয়েছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ