
জম্মু, ৫ আগস্ট (হি. স.): জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ও ৩৫এ ধারা প্রত্যাহারের সপ্তম বর্ষপূর্তিতে বুধবার উপত্যকা জুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্ভাব্য বিক্ষোভ ও নিরাপত্তাজনিত কারণে অমরনাথ যাত্রার যাত্রীদের নতুন ও প্রত্যাবর্তনকারী কনভয়ের চলাচল একদিনের জন্য সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বুধবার জম্মু থেকে বালতাল বেস ক্যাম্পের উদ্দেশে কোনও নতুন তীর্থযাত্রীদের কনভয় ছাড়ার অনুমতি দেওয়া হয়নি। একইভাবে বালতাল থেকে জম্মু ফেরার কনভয়ও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে যাঁরা ইতিমধ্যেই বালতাল বেস ক্যাম্পে পৌঁছে গিয়েছিলেন, তাঁদের নির্ধারিত সূচি অনুযায়ী পবিত্র গুহা মন্দিরে দর্শনের অনুমতি দেওয়া হয়েছে।
প্রশাসনের দাবি, যাত্রা সম্পূর্ণ বন্ধ করা হয়নি; কেবল নিরাপত্তার স্বার্থে একদিনের জন্য এই বিধিনিষেধ জারি করা হয়েছে।
এদিকে, পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি) এবং ন্যাশনাল কনফারেন্স (এনসি) ৩৭০ ধারা প্রত্যাহারের বর্ষপূর্তিতে প্রতিবাদের ডাক দিয়েছে। তার জেরে কাশ্মীরে পূর্বানুমতি ছাড়া কোনও ধরনের বিক্ষোভ, মিছিল, সমাবেশ বা জনসভা আয়োজনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।
এক পুলিশ আধিকারিক জানান, শ্রীনগর, বারামুলা, কুপওয়াড়া, বান্দিপোরা, গান্দেরবল, বুদগাম, পুলওয়ামা, শোপিয়ান, কুলগাম ও অনন্তনাগ জেলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনও ধরনের গণজমায়েতের অনুমতি দেওয়া হবে না।
অন্যদিকে, সম্ভাব্য জঙ্গি হামলার গোয়েন্দা সতর্কতার ভিত্তিতে জম্মু-সহ গোটা কেন্দ্রশাসিত অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রশাসনের দাবি, ৩৭০ ধারা প্রত্যাহারের বর্ষপূর্তি, চলতি অমরনাথ যাত্রা এবং আসন্ন স্বাধীনতা দিবসকে সামনে রেখে সংবেদনশীল এলাকাগুলিতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। গোয়েন্দা সংস্থাগুলির আশঙ্কা, জঙ্গিরা শিক্ষা প্রতিষ্ঠান-সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিকে নিশানা করার চেষ্টা করতে পারে।
হন্দওয়াড়া ও সোপোর পুলিশও পূর্বানুমতি ছাড়া কোনও বিক্ষোভের অনুমতি না দেওয়ার কথা জানিয়েছে। পুলওয়ামা ও শোপিয়ান পুলিশ সাধারণ মানুষকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা, গুজব না ছড়ানো এবং সন্দেহজনক কোনও কার্যকলাপ নজরে এলে অবিলম্বে নিকটবর্তী থানায় জানাতে অনুরোধ করেছে। বান্দিপোরা পুলিশ জানিয়েছে, জেলাজুড়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য