
নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): লোকসভার পর রাজ্যসভাতেও পাস হয়ে গেল 'সুপ্রিম কোর্ট (বিচারপতির সংখ্যা) সংশোধনী বিল, ২০২৬'। এর আগে লোকসভা সোমবারই বিলটি পাস হয়েছিল। এই বিলের মাধ্যমে 'সুপ্রিম কোর্ট (বিচারপতির সংখ্যা) আইন, ১৯৫৬'-তে সংশোধনী আনা হচ্ছে, যার ফলে শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা বর্তমান ৩৩ থেকে বাড়িয়ে ৩৭ (প্রধান বিচারপতি বাদে) করা হবে। চলতি বছরের মে মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা ৩৩ থেকে ৩৭-এ উন্নীত করার জন্য একটি অধ্যাদেশ জারি করেছিলেন।
রাজ্যসভায় আলোচনার জবাবে কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেন, নরেন্দ্র মোদী সরকার 'সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস'—এই মন্ত্র নিয়ে কাজ করছে। তিনি বলেন, দেশের মানুষ প্রতিটি ক্ষেত্রে সংস্কার প্রত্যক্ষ করছেন এবং এই আইনটি বিচার বিভাগীয় সংস্কারেরই একটি অংশ। মন্ত্রী জানান, এর ফলে সুপ্রিম কোর্টে বিচারিক কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। তিনি উল্লেখ করেন, প্রয়োজন অনুযায়ী শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা নিয়মিতভাবে বাড়ানো হয়ে থাকে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ