
চেন্নাই, ৫ আগস্ট (হি. স.): তামিলনাড়ু সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেটকে মিশ্র প্রতিক্রিয়া জানাল পট্টালি মাক্কাল কাচ্চি (পিএমকে)। দলের বিধায়ক সৌমিয়া আনবুমণি বলেন, বাজেটের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল ‘রাইট টু সার্ভিসেস অ্যাক্ট’ কার্যকর করার ঘোষণা। তবে কৃষি, শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে বাজেট প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে তাঁর অভিযোগ।
তিনি বলেন, দীর্ঘ এক দশক ধরে পিএমকে তামিলনাড়ুতে ‘রাইট টু সার্ভিসেস অ্যাক্ট’ চালুর দাবি জানিয়ে আসছিল। দেশের প্রায় ২১টি রাজ্যে এই আইন ইতিমধ্যেই কার্যকর হয়েছে। অবশেষে তামিলনাড়ুতেও তা চালুর ঘোষণা হওয়ায় দল সন্তুষ্ট।
তবে সৌমিয়া আনবুমণির অভিযোগ, চলতি বাজেটে কৃষি খাতে বরাদ্দ আগের তুলনায় ২৫০ কোটি টাকা কমানো হয়েছে। একইভাবে শিক্ষা খাতের বরাদ্দ ৪৮ হাজার কোটি টাকা থেকে কমিয়ে ৪৪ হাজার কোটি টাকা করা হয়েছে। তাঁর মতে, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষির মতো গুরুত্বপূর্ণ খাতে বাজেটের অন্তত ৬ শতাংশ বরাদ্দ থাকা উচিত, কিন্তু বাস্তবে তা মাত্র ১ শতাংশে নেমে এসেছে।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে কর্মসংস্থান সৃষ্টির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাজেটে তার স্পষ্ট কোনও রূপরেখা নেই। তামিলনাড়ুকে ধাপে ধাপে মাদকমুক্ত ও মদমুক্ত রাজ্যে পরিণত করার প্রতিশ্রুতিরও কোনও উল্লেখ করা হয়নি। টাসম্যাক বন্ধ করা বা বিকল্প রাজস্বের ব্যবস্থা নিয়েও বাজেটে কোনও পরিকল্পনা নেই বলে অভিযোগ করেন তিনি।
পিএমকে বিধায়কের বক্তব্য, তামিলনাড়ুকে ট্রিলিয়ন-ডলার অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য প্রশংসনীয় হলেও কৃষিকে উপেক্ষা করে সেই লক্ষ্য অর্জন সম্ভব নয়। কারণ রাজ্যের ৬০ থেকে ৭০ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। পাশাপাশি মহিলাদের নিরাপত্তা ও উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ ছাড়া অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য পূরণ করা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, তামিলগা ভেট্রি কাঝগম (টিভিকে) সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট বুধবার তামিলনাড়ু বিধানসভায় পেশ করা হয়েছে। অর্থ দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মারিয়া উইলসন প্রায় আড়াই ঘণ্টার বাজেট বক্তৃতায় শিক্ষা, নারীকল্যাণ, কর্মসংস্থান, পরিকাঠামো, পর্যটন, কৃষি ও সামাজিক ন্যায়কে অগ্রাধিকার দেওয়ার কথা ঘোষণা করেন। বাজেটে মহিলাদের জন্য ৮ গ্রাম সোনার মুদ্রা ও রেশমি শাড়ি, পড়ুয়াদের ল্যাপটপ, ৫ লক্ষ যুবকের এআই প্রশিক্ষণ, ১০টি অলিম্পিক বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র-সহ একাধিক প্রকল্প ঘোষণা করা হয়েছে। তবে রাজস্ব ঘাটতি ৫৫,৭৭৫ কোটি টাকা এবং রাজ্যের ঋণের পরিমাণ ১০.৯৮ লক্ষ কোটি টাকায় পৌঁছতে পারে বলেও বাজেটে উল্লেখ করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য