দক্ষিণ এশিয়ার জন্য স্থিতিশীল বাংলাদেশ গুরুত্বপূর্ণ : শেখ হাসিনা
নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): দক্ষিণ এশিয়ার জন্য স্থিতিশীল বাংলাদেশ গুরুত্বপূর্ণ, এক ভার্চুয়াল বার্তায় এমনটাই বলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে তিনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র আন্দোলন মোটেও শান্তিপূর্ণ ছিল না। দিল্লিত
শেখ হাসিনা


নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): দক্ষিণ এশিয়ার জন্য স্থিতিশীল বাংলাদেশ গুরুত্বপূর্ণ, এক ভার্চুয়াল বার্তায় এমনটাই বলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে তিনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র আন্দোলন মোটেও শান্তিপূর্ণ ছিল না। দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে এক ভার্চুয়াল আলাপচারিতায় বাংলাদেশে ২০২৪ সালের হিংসাত্মক আন্দোলনের প্রসঙ্গ টেনে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুহাম্মদ ইউনূস নিজেই বলেছেন, এটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত একটি আন্দোলন, যার পেছনে একজন মূল পরিকল্পনাকারী বা 'মাস্টারমাইন্ড' ছিলেন। তাঁর নিজের কথাই সেই সত্যকে উন্মোচন করে। এটি কেবল শিক্ষার্থীদের কোনও স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল না। এর কোনও দৃশ্যমান বা দায়িত্বশীল নেতৃত্ব ছিল না; বরং পর্দার আড়াল থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল। ব্যালট বাক্সের বাইরে ক্ষমতার পথ তৈরির লক্ষ্যে এটিকে সংগঠিত ও পরিচালিত করা হয়েছিল এবং সেই উদ্দেশ্যেই এর ব্যবহার করা হয়েছিল।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, গত দুই বছর ধরে আমি আমার প্রিয় বাংলাদেশকে কষ্ট পেতে দেখেছি। এটি সেই বাংলাদেশ নয় যা আমরা গড়ে তুলেছিলাম, এটি সেই বাংলাদেশ নয় যার জন্য ১৯৭১ সালে ৩০ লক্ষ মানুষ জীবন উৎসর্গ করেছিলেন। আসুন, ২০২৪ সালের জুলাই ও আগস্টের ঘটনাপ্রবাহের সত্যটি দিয়ে শুরু করি। এটি কোনও শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন ছিল না। শুরু থেকেই আমার সরকার আলোচনা, আইনি প্রক্রিয়া ও ধৈর্যের মাধ্যমে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করেছিল। কিন্তু সংস্কারের দাবির আড়ালে কিছু সংঘবদ্ধ গোষ্ঠী শিক্ষার্থীদের দাবিকে একটি হিংসাত্মক রাজনৈতিক হাতিয়ারে পরিণত করার অপচেষ্টা চালাচ্ছিল। হাসিনা জোর দিয়ে বলেন, দক্ষিণ এশিয়ার জন্য স্থিতিশীল বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande