
রাঁচি, ৫ আগস্ট (হি.স.): পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডের রাঁচিতে জেপিএসসি ও জেএসএসসি-র পরীক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করতে বুধবার এসডিএম কুমার রজত ও এডিএম ধনঞ্জয় কুমার ঘটনাস্থলে পৌঁছন। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এই আধিকারিকরা বিক্ষোভকারীদের মধ্য থেকে ৫ সদস্যের একটি প্রতিনিধি দলকে মুখ্যমন্ত্রীর বাসভবনে আলোচনার জন্য আমন্ত্রণ জানান। বিক্ষোভকারী পরীক্ষার্থীরা জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনও আলোচনা হলে তা কেবল শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এই প্রস্তাবটি নিয়ে আলোচনার জন্য বিক্ষোভকারীরা ২ ঘণ্টা সময় চেয়েছেন।
রাঁচির এসডিএম কুমার রজত বলেন, তাঁরা (আন্দোলনরত চাকরিপ্রার্থীরা) কিছুটা সময় চেয়েছেন। তাঁদের সেই সময় দেওয়া হয়েছে। এরপর তাঁরা আমাদের জানাবেন। আমরা এখানেই আছি। এই আন্দোলন প্রসঙ্গে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক অমর কুমার বাউরি বলেন, আগামীকাল বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে এবং বাবুলাল মারান্ডির নেতৃত্বে এনডিএ-র একটি প্রতিনিধি দল এখানে এসেছে। আমরা চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করেছি এবং তাঁদের সমস্যার কথা শুনেছি। গত ১২ দিন ধরে তাঁরা বৃষ্টিতে ভিজে অত্যন্ত কষ্টের মধ্যে এখানে অবস্থান করছেন। তাঁরা ন্যায়বিচার ও সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন। আমরা শিক্ষার্থীদের আশ্বস্ত করেছি, আমরা বিধানসভায় এই বিষয়টি জোরালোভাবে উত্থাপন করব। এনডিএ-র প্রতিনিধি দল চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করতে আসছে—এ কথা জানতে পেরেই রাজ্য সরকার তড়িঘড়ি একটি প্রতিনিধি দল পাঠায় এবং শিক্ষার্থীদের বিকেল ৪টায় আলোচনার জন্য ডাকে। বিরোধী দলনেতার বিকেল ৪টায় এখানে আসার কথা ছিল; সেই চাপের মুখেই সরকার এই প্রস্তাবটি দিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ