
বেঙ্গালুরু, ৫ আগস্ট (হি.স.): কর্ণাটকের ইয়াদগির জেলায় কাডেচুর-বাদিয়ালা শিল্পাঞ্চলের একটি কারখানা থেকে রাসায়নিক গ্যাস নির্গত হওয়ার ফলে মৃত্যু হল তিন শ্রমিকের। আরও দু’জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বুধবার ভোরে কারখানার ভিতরে হঠাৎ করেই রাসায়নিক গ্যাস লিক করতে শুরু করে। এর ফলে কর্তব্যরত শ্রমিকদের শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। মারা যাওয়া তিন জনই ছিলেন পরিযায়ী শ্রমিক। অসুস্থ শ্রমিকদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, চিকিৎসা চলছে।
ডেপুটি কমিশনার রাহুল তুকারাম পান্ডভে জানিয়েছেন, একটি ওষুধ তৈরির কারখানায় পাইপ থেকে গ্যাস লিক হওয়ার ফলে সালফার অক্সাইড শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করায় এই মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত শ্রমিকরা মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ছিলেন। তিনি জানান, কারখানার মালিক ও অন্যান্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বর্তমানে আও কোনো গ্যাস লিক হচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ