এটিএফে ইথানল মেশানোর দাবি বিভ্রান্তিকর, কেজরিওয়ালকে নিশানা অমিত মালব্যের
নয়াদিল্লি, ৬ আগস্ট (হি. স.): বিমান চলাচলের জ্বালানি (এটিএফ)-এ ইথানল মেশানোর পরিকল্পনা নিয়ে আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের দাবি বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তাঁর দাবি, কেন্দ্রীয় সরকা
এটিএফে ইথানল মেশানোর দাবি বিভ্রান্তিকর, কেজরিওয়ালকে নিশানা অমিত মালব্যের


নয়াদিল্লি, ৬ আগস্ট (হি. স.): বিমান চলাচলের জ্বালানি (এটিএফ)-এ ইথানল মেশানোর পরিকল্পনা নিয়ে আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের দাবি বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার সাধারণ ইথানল এটিএফ-এ মেশানোর কোনও ঘোষণা করেনি। বরং সাসটেইনেবল এভিয়েশন ফুয়েল (এসএএফ)-কে নিয়ন্ত্রক কাঠামোর আওতায় আনা হয়েছে।

বৃহস্পতিবার এক্স-এ করা পোস্টে অমিত মালব্য বলেন, এসএএফ কোনও সাধারণ ইথানল নয়। এটি উন্নত প্রযুক্তিতে তৈরি বিমান-উপযোগী জ্বালানি, যার রাসায়নিক গঠন প্রচলিত এটিএফ-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং যা বিমানের ইঞ্জিনের সঙ্গে সম্পূর্ণভাবে উপযোগী।

তিনি জানান, বিমানে ব্যবহারের অনুমোদন পাওয়ার আগে এসএএফ আন্তর্জাতিকভাবে স্বীকৃত এএসটিএম মানদণ্ড অনুযায়ী কঠোর পরীক্ষা ও শংসাপত্রের মধ্য দিয়ে যায়। এই মানদণ্ডকে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও)ও স্বীকৃতি দিয়েছে। সরকারের দাবি, এসএএফ ব্যবহারে বিমান জ্বালানির মূল বৈশিষ্ট্য, নিরাপত্তা বা কর্মক্ষমতার উপর কোনও বিরূপ প্রভাব পড়ে না।

মালব্য আরও বলেন, ভারত আন্তর্জাতিক বিমান চলাচলের মানদণ্ড অনুসরণ করেই এগোচ্ছে। আইসিএও-র করসিয়া পরিকাঠামো এবং বিশ্বের বহু বড় বিমান বাজার কার্বন নিঃসরণ কমাতে প্রত্যয়িত এসএএফ ব্যবহারে উৎসাহ দিচ্ছে, পাশাপাশি সর্বোচ্চ নিরাপত্তা মানও বজায় রাখা হচ্ছে। তাই প্রত্যয়িত সাসটেইনেবল এভিয়েশন ফুয়েলকে সাধারণ ইথানল জেট জ্বালানিতে মেশানোর সঙ্গে এক করে দেখানো তথ্যগতভাবে ভুল এবং এতে অযথা বিমান নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে।

উল্লেখ্য, এর আগে অরবিন্দ কেজরিওয়াল এক্স-এ দাবি করেছিলেন, কেন্দ্রীয় সরকার এটিএফ-এ ইথানল মেশানোর পরিকল্পনা করছে। কয়েকজন বিশেষজ্ঞের মতামতের উল্লেখ করে তিনি আশঙ্কা প্রকাশ করেন, এমন পদক্ষেপ বিমান চলাচলের নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande