
মুঙ্গের, ৬ আগস্ট (হি.স.): এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বিহারের মুঙ্গেরে বৃহস্পতিবার পাঁচটি স্থানে অভিযান চালায়। বিনিয়োগ সংক্রান্ত প্রতারণা এবং অর্থপাচার সংক্রান্ত মামলায় এই অভিযান বলে জানা গেছে| ইডি সূত্রে জানা গেছে, সাধারণ মানুষকে একটি নির্দিষ্ট সংস্থার নামে বিনিয়োগের টাকা দ্বিগুণ করার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। ইডি জানিয়েছে, অর্থ পাচার প্রতিরোধ আইন-এর আওতায় এই অভিযান। সংস্থার পরিচালক জিতেন্দ্র কুমার রাজীব এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ রয়েছে।
ইডি সূত্রে জানা গেছে, ওই সংস্থাটি দাবি করেছিল ২ লক্ষ ৫৬ হাজার ৫০০ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে বিনিয়োগকারীরা ১৫ হাজার টাকা করে পাবেন। তবে এর জন্য বিনিয়োগকারীদের আরও একটি শর্ত দেওয়া হয়েছিল| বলা হয়েছিল, তাঁদের কোম্পানির ওয়েবসাইটে গিয়ে প্রতি মাসে ৪ হাজার ৮০০টি অডিও-ভিডিও দেখতে হবে। এর পাশাপাশি, আরও বেশি সংখ্যক মানুষকে এই প্রকল্পে যুক্ত করলে অতিরিক্ত বোনাস, বাইক এবং গাড়ি দেওয়ার প্রলোভনও দেখানো হতো।
ইডি জানিয়েছে, বিনিয়োগের বিশাল অঙ্কের টাকা তোলার পর সংস্থার সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইচ্ছা করেই ওয়েবসাইটের গতি কমিয়ে দেয়, যাতে বিনিয়োগকারীরা নির্ধারিত ৪ হাজার ৮০০টি অডিও-ভিডিও দেখতে না পারেন। এর ফলে বিনিয়োগকারীরা অর্থ পাওয়ার শর্ত পূরণ করতে ব্যর্থ হন এবং কোনও সুবিধা পাননি। এই ঘটনায় ২০২৪ সালে মুঙ্গেরে একাধিক ধারায় এফআইআর দায়ের হয়েছিল। পুলিশ এই মামলায় চার্জশিটও জমা দিয়েছে। ইডি এখন এই মামলার অর্থপাচার সংক্রান্ত দিকটি নিয়ে তদন্ত করছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ