
পানাজি, ৬ আগস্ট (হি. স.): ২০১৩ সালের যৌন নিগ্রহ মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পর বম্বে হাই কোর্টের গোয়া বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা করলেন ‘তেহেলকা’ পত্রিকার প্রতিষ্ঠাতা তরুণ তেজপাল। একই সঙ্গে তিনি দাবি করেন, এই মামলায় তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
রায় ঘোষণার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তেজপাল বলেন, “এই রায়ে আমরা অত্যন্ত হতাশ। আমাদের বিশ্বাস, মামলার প্রমাণগুলি আদালতে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। আমাকে সম্পূর্ণ নির্দোষ প্রমাণ করার মতো যথেষ্ট প্রমাণ রয়েছে। আমরা এই রায়ের বিরুদ্ধে অবশ্যই সুপ্রিম কোর্টে আপিল করব। আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”
উল্লেখ্য, বৃহস্পতিবার বোম্বে হাই কোর্টের গোয়া বেঞ্চ ২০১৩ সালের যৌন নিগ্রহ মামলায় তরুণ তেজপালকে সমস্ত অভিযোগে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে। পাশাপাশি তাঁকে আত্মসমর্পণের জন্য দু'সপ্তাহ সময়ও দেওয়া হয়েছে। এখন উচ্চ আদালতের এই রায়ের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য