নেশার বিরুদ্ধে কড়া অভিযান, ২৪ ঘণ্টায় পূর্ব আগরতলা থানার গারদে ২৩ জন
আগরতলা, ৭ আগস্ট (হি.স.) : মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর নেশা বিরোধী অভিযানে আরও সক্রিয় হয়ে উঠেছে ত্রিপুরা পুলিশ। পূর্ব আগরতলা থানার পুলিশ গত ২৪ ঘণ্টায় ধারাবাহিক অভিযান চালিয়ে নেশা কারবার ও নেশা সেবনের সঙ্গে জড়িত অভিযোগে ২৩ জনকে গ্রেফতার করেছ
গ্রেফতার ২৩ জন


আগরতলা, ৭ আগস্ট (হি.স.) : মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর নেশা বিরোধী অভিযানে আরও সক্রিয় হয়ে উঠেছে ত্রিপুরা পুলিশ। পূর্ব আগরতলা থানার পুলিশ গত ২৪ ঘণ্টায় ধারাবাহিক অভিযান চালিয়ে নেশা কারবার ও নেশা সেবনের সঙ্গে জড়িত অভিযোগে ২৩ জনকে গ্রেফতার করেছে। একসঙ্গে এত সংখ্যক অভিযুক্তকে গ্রেফতারের ঘটনা পূর্ব থানার ইতিহাসে এই প্রথম বলে জানিয়েছে পুলিশ।

রাজ্য সরকার দীর্ঘদিন ধরেই নেশার বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে। বিভিন্ন সরকারি অনুষ্ঠান ও প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বারবার নেশা নির্মূলের বার্তা দিয়ে আসছেন। সম্প্রতি তিনি পুলিশ প্রশাসনকে আরও কঠোর ও সক্রিয় ভূমিকা গ্রহণের নির্দেশ দেন। সেই নির্দেশের পর রাজধানীসহ রাজ্যের বিভিন্ন থানায় নেশা বিরোধী অভিযান জোরদার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার পূর্ব আগরতলা থানার নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় একযোগে বিশেষ অভিযান চালানো হয়। একই এলাকায় একাধিকবার অতর্কিত হানা দিয়ে সন্দেহভাজনদের তল্লাশি চালায় পুলিশ। এই অভিযানে নেশা দ্রব্যের কারবার ও নেশা সেবনের অভিযোগে মোট ২৩ জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের গ্রেফতার দেখানো হয়।

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ব আগরতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) জানান, ধৃতদের কাছ থেকে ব্রাউন সুগার রাখার কৌটো, ব্যবহৃত ও অব্যবহৃত ইনজেকশনের সিরিঞ্জসহ বিভিন্ন ধরনের নেশা সামগ্রী উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীগুলি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু হয়েছে।

তিনি আরও জানান, ধৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং শুক্রবার তাঁদের আদালতে তোলা হয়। পাশাপাশি নেশা চক্রের সঙ্গে জড়িত আরও ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছেন তিনি।

পুলিশের দাবি, রাজ্যের অন্যান্য থানাতেও নিয়মিত নেশা বিরোধী অভিযান চললেও পূর্ব আগরতলা থানার এক অভিযানে একসঙ্গে ২৩ জনকে গ্রেফতারের ঘটনা নজিরবিহীন। ইতিমধ্যেই শুক্রবারও রাজধানীর বিভিন্ন এলাকায় নতুন করে অভিযান শুরু হয়েছে। নেশা চক্র ভাঙতে এবং যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এই অভিযান ধারাবাহিকভাবে চলবে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande