
আরামবাগ , ৯ আগস্ট (হি.স.): ১৯৭৫ সালের জরুরি অবস্থার সময় জেলবন্দি থাকা ব্যক্তিদের সম্মান জানাতে রাজ্য সরকারের পক্ষ থেকে ‘লোকতন্ত্র সেনানী’ সম্মান প্রদান করা হল। রবিবার নবান্নে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে জরুরি অবস্থার সময় কারাবাস করা মোট ৩২৫ জনকে সম্মানিত করা হয়। তাঁদের হাতে সম্মানপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এই ৩২৫ জনের মধ্যে সম্মানিত হয়েছেন হুগলির গোঘাটের শুনিয়া গ্রামের বাসিন্দা শান্তিনাথ পান। নবান্নে ‘লোকতন্ত্র সেনানী’ সম্মান গ্রহণের পর গোঘাটে ফিরতেই তাঁকে ঘিরে তৈরি হয় উৎসবের আবহ। হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে শান্তিনাথ পানকে সংবর্ধনা জানানো হয়। সংগঠনের কর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর এই সম্মানকে গোঘাটের মানুষের কাছে গর্বের বিষয় বলে উল্লেখ করেন।
জানা গিয়েছে, ‘লোকতন্ত্র সেনানী’ সম্মানপ্রাপ্তরা প্রতি মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন। পাশাপাশি চিকিৎসার জন্য মাসিক ১ হাজার টাকা সহায়তা এবং সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধাও দেওয়া হবে।
জরুরি অবস্থার সময় গণতন্ত্র রক্ষার আন্দোলনে যাঁরা কারাবরণ করেছিলেন, তাঁদের অবদানকে স্বীকৃতি দেওয়ার এই উদ্যোগকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা শুরু হয়েছে। শান্তিনাথ পানের সম্মানপ্রাপ্তিকে ঘিরে গোঘাটেও দেখা দিয়েছে উচ্ছ্বাস।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA