
হরিদ্বার, ৭ আগস্ট (হি.স.) : কাঁওয়াড় যাত্রাকে ঘিরে নিরাপত্তা ও যান চলাচল ব্যবস্থা পর্যালোচনা করতে বৃহস্পতিবার হরিদ্বার সফরে আসেন অতিরিক্ত পুলিশ মহাপরিচালক (অপরাধ ও আইন-শৃঙ্খলা) ড. ভি. মুরুগেশন। তিনি সিসিআর-এ অবস্থিত মেলা কন্ট্রোল রুম পরিদর্শন করে সিসিটিভি ফুটেজের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তা, যানবাহন চলাচল এবং জনসমাগম নিয়ন্ত্রণের পরিস্থিতি খতিয়ে দেখেন।
পরিদর্শনকালে সিনিয়র পুলিশ সুপার নবনীত সিং এডিজিকে বর্তমান ট্রাফিক পরিকল্পনা, জাতীয় সড়ক ও কাঁওয়াড় যাত্রাপথের পরিস্থিতি, গঙ্গাজল সংগ্রহ করে নিজ নিজ গন্তব্যে রওনা হওয়া কাঁওয়াড় যাত্রীদের সংখ্যা এবং প্রশাসনের গৃহীত বিভিন্ন ব্যবস্থার বিস্তারিত তথ্য তুলে ধরেন।
শুক্রবার ড. মুরুগেশন সিনিয়র পুলিশ সুপার নবনীত সিং এবং ট্রাফিক পুলিশ সুপার নিশা যাদবকে নির্দেশ দেন, ডাক কাঁওয়াড় যাত্রার সময় বাড়তে থাকা ভিড় ও যানবাহনের চাপের কথা মাথায় রেখে ট্রাফিক ও ডাইভারশন পরিকল্পনা সময়োপযোগী ও কার্যকরভাবে বাস্তবায়ন করতে। পাশাপাশি পার্কিং এলাকা থেকে যানবাহনের নির্বিঘ্নে বেরিয়ে যাওয়া নিশ্চিত করা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন। তিনি আরও বলেন, কাঁওয়াড় যাত্রার শেষ পর্যায়ে নিরাপত্তা, জনসমাগম নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে হবে, যাতে ভক্তদের যাত্রা নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস