
খড়দহ, ৭ আগস্ট (হি. স.): সন্ত্রাস দমনে বড়সড় সাফল্য রহড়া থানার পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে খড়দহের বন্দীপুর সদরহাট এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-সহ ৪৩ বছর বয়সী হাকিম আলিকে গ্রেফতার করল রহড়া থানার বিশেষ দল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের কাছে বেআইনি আগ্নেয়াস্ত্র থাকার খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযুক্তের বাড়ি ঘিরে ফেলতেই তিনি পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। তবে পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত তাঁকে আটক করা হয়। এরপর তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় একটি হাঁসের খাঁচার ভিতর থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। আগ্নেয়াস্ত্র ও গুলি বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলির বিষয়ে তদন্ত শুরু হয়েছে। শুক্রবার অভিযুক্তকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্দীপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে বারাকপুর আদালতে পেশ করা হয়।
কী উদ্দেশ্যে ওই আগ্নেয়াস্ত্র ও গুলি রাখা হয়েছিল এবং এর সঙ্গে অন্য কোনও অপরাধচক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে রহড়া থানার পুলিশ। ঘটনার সমস্ত দিক তদন্ত করে দেখছেন তদন্তকারীরা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়